মালিক শ্রমিকদের কারণেই অতি অল্প সময়ের মধ্যে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এ কথা বলেছেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরো বলেন, আরিফুল হক চৌধুরী বলেন, নিম্নতম মজুরি বোর্ড গঠন থেকে শুরু করে মজুরি নির্ধারণ পর্যন্ত প্রধানমন্ত্রী নিয়মিত খোঁজখবর নিয়েছেন। শ্রমিক ও মালিকের সমন্বয়ে একটি গ্রহণযোগ্য সমাধান চেয়েছেন তিনি। নিম্নতম মজুরি বোর্ডের মাধ্যমে সম্পূর্ণ নিরপেক্ষভাবে সেই সমাধান হয়েছে। দেশের শিল্প খাতকে বিশ্বদরবারে আরও সুপ্রতিষ্ঠিত করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুর রহমান শিমুল বিশ্বাস, নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন মাহমুদ, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান।
শ্রমমন্ত্রী বলেন, শ্রমিকরা তাঁদের ন্যায্য দাবি আদায়ে আন্দোলন করেছেন। অন্যদিকে মালিকপক্ষও এসব দাবির বিরোধিতা না করে সুন্দর পরিবেশে কীভাবে সমাধানে পৌঁছানো যায়, সে বিষয়ে আন্তরিকভাবে কাজ করেছে।
আন্দোলনের শুরু থেকে মজুরি বোর্ডের কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত শ্রমিক সংগঠনগুলোর নেতারা গভীর রাত পর্যন্ত সম্মিলিতভাবে সহযোগিতা করেছেন। মালিকপক্ষও মন্ত্রণালয়ের আহ্বানে সাড়া দিয়েছে। এ জন্য উভয় পক্ষের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ, জ্বালানি সংকটসহ নানা বৈশ্বিক চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা সত্ত্বেও দেশের ইতিহাসে প্রথমবারের মতো পাঁচ বছরের পরিবর্তে তিন বছরের মধ্যে নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে।
সম্পূর্ণ স্বাধীন, নিরপেক্ষ ও নির্মোহভাবে বোর্ড মজুরি নির্ধারণ করেছে। এ ক্ষেত্রে সরকারের কোনো প্রভাব ছিল না।
তিনি বলেন, পোশাক শ্রমিকদের চারটি গ্রেডের মধ্যে তিনটিতে সর্বসম্মতিক্রমে মজুরি নির্ধারণ করা হয়েছে। চতুর্থ গ্রেডে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ছিল ১৮ হাজার টাকা এবং মালিকপক্ষের ১৬ হাজার টাকা। পরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে এ গ্রেডের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়।
মাহ্দী আমিন জানান, গত তিন বছরে গ্রেডভেদে পোশাক শ্রমিকদের মজুরি ৩৬ থেকে ৪৩ শতাংশ বেড়েছে। টাকার অঙ্কে এ বৃদ্ধির পরিমাণ ৪ হাজার ৫০০ থেকে ৬ হাজার ৪৬৫ টাকা। বোনাস ও ওভারটাইম যুক্ত হলে বিপুলসংখ্যক শ্রমিক মাসে ২৫ হাজার টাকা বা তার বেশি আয় করতে পারবেন বলে মালিকপক্ষের প্রতিনিধিরা প্রত্যাশা করছেন।
তিনি আরও বলেন, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, শিল্পের সক্ষমতা, দেশের অন্যান্য শিল্পের মজুরি এবং প্রতিযোগী দেশগুলোর মজুরি কাঠামোসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হয়েছে।
মজুরি বৃদ্ধির পাশাপাশি শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
তিনি বলেন, শ্রমঘন এলাকায় ভর্তুকি মূল্যে চাল বিক্রির (ওএমএস) কার্যক্রম সম্প্রসারণ এবং পোশাক শ্রমিকদের ফ্যামিলি কার্ড প্রদানে বিশেষ অগ্রাধিকার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া শ্রমঘন এলাকায় ডায়াগনস্টিক সেন্টারসহ সাতটি বিশেষায়িত হাসপাতাল স্থাপন এবং শ্রমিকদের জন্য বহুতল আবাসন নির্মাণের পরিকল্পনা রয়েছে।
শ্রমিকদের মজুরি বৃদ্ধির সঙ্গে বাড়িভাড়া ও যানবাহনের ভাড়া যাতে না বাড়ে, সে জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কাজ করছে বলেও জানান তিনি।
শিল্প ও শ্রমিক একে অপরের পরিপূরক উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, শিল্পের প্রসার ঘটলে কর্মসংস্থান বাড়বে এবং মালিকদের সক্ষমতা বাড়লে শ্রমিকদের সুযোগ-সুবিধাও বাড়বে। শিল্পে শান্তিপূর্ণ পরিবেশ ও উৎপাদন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি সক্ষম মালিকদের নির্ধারিত নিম্নতম মজুরির চেয়ে বেশি মজুরি প্রদান এবং সব মালিককে শ্রম আইন মেনে চলার অনুরোধ জানান।

