হত্যা হত্যা উদ্দেশ্য ছিল না। কিন্তু বাড়ির মালিক তাদেরকে দেখে ফেলে। এতেই শিক্ষক গণপতি চক্রবর্তী সহ চারজনকে হত্যা করা হয়। বৃহস্পতিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ।
মাহবুবুর রশীদ বলেন, বৃহস্পতিবার আদালতে চূড়ান্ত চার্জশিট দাখিল করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের পরিদর্শক জিন্নাত আলী। মামলায় সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে অভিযুক্ত করেই চার্জশিট দাখিল করা হয়েছে। ৫৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও ৬৬ টি আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় ওই দুজন ছাড়া আর কারো সম্পৃক্ততা পাওয়া যায়নি।
শিক্ষক গণপতি চক্রবর্তী হত্যাকান্ডে রংপুর শহরের চাঞ্চল্যের সৃষ্টি হয়। গত ২২ আগস্ট রংপুর নগরীর মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকার একটি বাড়ি থেকে গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রতিবেশী সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করা হয়।
হত্যাকাণ্ডের পর থেকেই দুই আসামির বাইরে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখার দাবিতে বিক্ষোভ ও বিভিন্ন কর্মসূচি পালন করেন নিহতদের স্বজন ও স্থানীয়রা।
সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ বলেন, এ ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামতের ডিএনএ পরীক্ষায়ও দুই আসামির উপস্থিতির প্রমাণ মিলেছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার পেছনে চুরির পরিকল্পনা ছিল বলে জানিয়েছে পুলিশ। বাড়িতে টাকা ও স্বর্ণালংকার থাকার তথ্য পেয়ে চুরির উদ্দেশ্যে সেখানে যান দুই আসামি। ছাদে অপেক্ষার সময় গণপতি চক্রবর্তী তাদের দেখে ফেলায় প্রথমে তাকে এবং পরে পরিবারের অন্য তিন সদস্যকে হত্যা করা হয়।
গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, ২১ আগস্ট রাতে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ছাদে অপেক্ষা করছিলেন দুই আসামি। এ সময় গণপতি চক্রবর্তী ছাদে গেলে তার গলায় থাকা গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে তার স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ১২ বছর বয়সী ছেলেআয়ুশকেও হত্যা করেন তারা।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর বাড়ি থেকে স্বর্ণালংকার, ইমিটেশনের গয়না ও প্রায় ১৫ হাজার টাকা নিয়ে যান আসামিরা। পরে সিদ্ধার্থের কাকার বাড়ি থেকে তার দেখানো মতে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
তদন্ত শেষে ৫৩ জন সাক্ষী ও ৬৬টি আলামতসহ আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।
তবে পুলিশের তদন্তে সন্তুষ্ট নন নিহত গণপতির বড় ভাই ও মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী। তিনি বলেন, সামান্য টাকা ও স্বর্ণালংকারের জন্য চারজনকে হত্যার বিষয়টি বিশ্বাসযোগ্য নয়। এর পেছনে আরও শক্তিশালী কেউ জড়িত থাকতে পারে। দুই আসামির পক্ষে একাই চারজনকে হত্যা করা সম্ভব নয় বলেও দাবি করেন তিনি।প্রকৃতঅপরাধীদের শনাক্ত করতে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।

