মিশরে আগুন লেগে অন্তত ৩০ জন মারা গেছে। অপরদিকে আহত হয়েছে প্রায় ২৫ জন। হতাহতের সংখ্যা বাড়তে পরে বলে জানা গেছে। মিশরের রাজধানী কায়রোর পশ্চিমাঞ্চলে জ্বালানিবাহী একটি ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, কায়রোর রিং রোডের পাশে বিস্তীর্ণ এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। আগুনের বিশাল শিখায় আশপাশের স্থাপনাগুলো আলোকিত হয়ে ওঠে। পরিস্থিতি মোকাবিলা ও জরুরি চিকিৎসাসেবা দিতে ঘটনাস্থলে ২৩টি অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যান পাঠানো হয় বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয় আরও জানায়, স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। হতাহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে ঘটনাস্থলের কাছাকাছি হাসপাতালগুলোকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছেন তিনি।
এর আগে দেওয়া এক প্রাথমিক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, আগুনে নয়জন দগ্ধ হয়েছেন এবং ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন একজন। চিকিৎসার জন্য তাঁদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দিনের শুরুতে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-আহরাম জানায়, আল-ওয়াররাক এলাকায় রিং রোডে পেট্রোলিয়ামজাত পণ্যবাহী একটি ট্যাঙ্কারে আগুন লাগে। পরে সিভিল প্রোটেকশন দলের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
যানজট নিয়ন্ত্রণ এবং চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক কর্তৃপক্ষ সড়কের ওই অংশে যান চলাচল বন্ধ করে দেয়। একই সঙ্গে যানবাহনের জন্য বিকল্প পথ নির্ধারণ করা হয়।
তবে ট্যাঙ্কারটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। একইভাবে ট্যাঙ্কারটি কী কারণে উল্টে গিয়েছিল, সে বিষয়েও কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি।
এ ঘটনায় নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। এক বিবৃতিতে তিনি শোক প্রকাশ করেন।
অন্যদিকে, নিহতদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির সরকারি কৌঁসুলির কার্যালয়।
কায়রোর রিং রোড মিশরের রাজধানীর সঙ্গে গিজা ও আশপাশের এলাকাগুলোর যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন এ পথে বিপুলসংখ্যক যাত্রীবাহী ও বাণিজ্যিক যান চলাচল করে।
এর আগে গত জানুয়ারিতে দেশটির বেনি সুয়েফ প্রদেশের কাছে একটি সড়কে একাধিক গাড়ির সংঘর্ষে ২১ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছিলেন।

