যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক মাসের সামরিক হামলার পরও ইরানের অস্ত্রভাণ্ডারে উল্লেখযোগ্যসংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়ে গেছে বলে ধারণা করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। তাদের হিসাবে, তেহরানের হাতে এখনো ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র থাকতে পারে। ফলে ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর আগে সম্ভাব্য ঝুঁকি নিয়ে ভাবতে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়নি। তবে অস্ত্রভাণ্ডারের সঠিক হিসাব পাওয়া কঠিন বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
ইসরায়েলি সামরিক গোয়েন্দাদের মূল্যায়নও প্রায় একই। তাদের আশঙ্কা, ইরানে নতুন করে হামলা চালানো হলে লেবানন, সিরিয়া ও গাজায় সংঘাত ছড়িয়ে পড়তে পারে। ইসরায়েলের চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তাদের এক রুদ্ধদ্বার বৈঠকে এ সতর্কবার্তা দেওয়া হয়। এতে নতুন অভিযান তিন থেকে পাঁচ দিনের মধ্যে সীমাবদ্ধ রাখা কঠিন হতে পারে বলেও জানানো হয়েছে।
ব্লুমবার্গকে এক পশ্চিমা কর্মকর্তা জানিয়েছেন, ইরানের হাতে অন্তত ১ হাজার ৭০০টি ক্ষেপণাস্ত্র থাকতে পারে এবং দেশটি প্রতি মাসে আরও প্রায় ৫০টি ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম। এরই মধ্যে নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনার কথাও প্রকাশ করেছে তেহরান।
এদিকে ইরানে নতুন হামলা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প। রয়টার্সের ১৪ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, তেহরান কিংবা ইয়েমেনে ইরান-সমর্থিত হুতিদের পক্ষ থেকে নতুন কোনো উসকানি না এলে আপাতত হামলা স্থগিত রাখতে পারেন বলে ঘনিষ্ঠ উপদেষ্টাদের জানিয়েছিলেন তিনি। মার্কিন গোয়েন্দাদের মূল্যায়ন, নতুন হামলা চালালেও আলোচনায় ইরানের অবস্থান বা শর্তে বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা কম।
তবে রোববার ট্রাম্প অভিযোগ করেন, ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়েছে। আলোচনায় অগ্রগতি না হলে আবারও সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
নতুন হামলার ক্ষেত্রে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বাহরাইন ও কুয়েত ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘাত বাড়লে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি, জ্বালানি অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ নৌপথও ইরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এতে হরমুজ প্রণালির নিরাপত্তা ও আঞ্চলিক অর্থনীতিতে নতুন সংকট তৈরির আশঙ্কা রয়েছে।
এরই মধ্যে ইরানের সংসদ সদস্য আহমদ বাখশায়েশ আরদেস্তানি দাবি করেছেন, দেশটি ক্ষেপণাস্ত্রের পাল্লা ২ হাজার থেকে বাড়িয়ে ৪ হাজার ৫০০ কিলোমিটার করেছে। তবে এ দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ পাল্লার কার্যকর ক্ষেপণাস্ত্র মোতায়েনেরও কোনো প্রতিষ্ঠিত প্রমাণ প্রকাশ্যে নেই।
সব মিলিয়ে ইরানের অবশিষ্ট ক্ষেপণাস্ত্র সক্ষমতা, সম্ভাব্য পাল্টা হামলা এবং সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা ট্রাম্পের সামরিক পরিকল্পনাকে জটিল করে তুলেছে। নতুন অভিযান চালিয়ে ইরানের সামরিক শক্তি কতটা দুর্বল করা যাবে এবং পাল্টা হামলা ঠেকানো সম্ভব হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ফলে সামরিক বিকল্প খোলা রেখেও আপাতত অর্থনৈতিক চাপ ও কূটনৈতিক তৎপরতার মাধ্যমে পরিস্থিতি সামাল দিতে চাইছে ওয়াশিংটন।
ইরানের ক্ষেপণাস্ত্রেই কি বদলে গেল ট্রাম্পের যুদ্ধের হিসাব?
নতুন অভিযানে আঞ্চলিক সংঘাতের শঙ্কা
Keep Reading
Add A Comment

