জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মাধ্যমে দেওয়া অঙ্গীকার এবং নির্বাচনী ইশতেহারে ঘোষিত সব প্রতিশ্রুতি নোট অব ডিসেন্টসহ শতভাগ বাস্তবায়ন করবে সরকার। সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সরকারের অবস্থান থেকে ন্যূনতম বিচ্যুতিও ঘটবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধিদলের মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, সংস্কারের বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট। প্রধানমন্ত্রী জাতীয় সংসদেও জানিয়েছেন, বিএনপি সরকার জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মাধ্যমে যে অঙ্গীকার করেছে, তা সম্পূর্ণ বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলোও পর্যায়ক্রমে পূরণ করা হবে।
তিনি বলেন, সরকার গঠনের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই রেকর্ডসংখ্যক শতাধিক অধ্যাদেশ আইনে রূপান্তর করা হয়েছে। সংস্কার কোনো এককালীন বিষয় নয়, বরং এটি একটি চলমান প্রক্রিয়া। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পর্যায়ক্রমে সব সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
জুলাই জাতীয় সনদের নোট অব ডিসেন্টের বিষয়ে তিনি বলেন, সনদটি যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করা হবে। নোট অব ডিসেন্টের বিষয়টিও সরকারের অঙ্গীকারের অন্তর্ভুক্ত। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
প্রধানমন্ত্রী ও এনসিপি প্রতিনিধিদলের বৈঠক প্রসঙ্গে মাহদী আমিন বলেন, আলোচনায় কোনো শর্তের বিষয় ছিল না। এনসিপি নেতারা তাঁদের বক্তব্য ও অবস্থান তুলে ধরেছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন।
রাজনৈতিক দলগুলোর ঐক্যের বিষয়ে তিনি বলেন, পতিত স্বৈরাচারের সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে গণতন্ত্রকামী প্রতিটি রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদবিরোধী শক্তি ঐক্যবদ্ধ রয়েছে। আজকের মতবিনিময়ের মধ্য দিয়ে সেই ঐক্যের বার্তা সবার কাছে পৌঁছে দিতে চায় সরকার।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে মাহদী আমিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সব শ্রেণি-পেশা, ধর্ম-বর্ণ ও মত-পথের মানুষ একত্রিত হয়েছিল। তাঁদের আকাঙ্ক্ষা ছিল এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে মানবাধিকার, আইনের শাসন ও বাকস্বাধীনতা নিশ্চিত হবে এবং ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। আজকের বৈঠকে সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটেছে।
জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে সরকার: মাহদী আমিন
নির্বাচনী ইশতেহারের সব অঙ্গীকার পূরণের ঘোষণা
Keep Reading
Add A Comment

