পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বি-২ ধাপের ফিজিক্স টেস্টসহ প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষার প্রতিবেদন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। চূড়ান্ত অনুমোদন পেলে ইউনিটটি বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতিমূলক ‘সি স্টেজ’ বা পাওয়ার স্টার্টআপে প্রবেশ করবে।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ২৫ অক্টোবর পাওয়ার স্টার্টআপ শুরুর প্রস্তুতি চলছে। তবে তা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদনের ওপর নির্ভর করছে। শনিবার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান এ তথ্য জানান।
তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে সীমিত পরিসরে উৎপাদন শুরু হবে। পরবর্তী ধাপগুলো সফলভাবে সম্পন্ন হলে ধীরে ধীরে উৎপাদন বাড়ানো হবে।
প্রকল্পসংশ্লিষ্টদের আশা, উৎপাদন সক্ষমতা ৩০ থেকে ৩৫ শতাংশে পৌঁছালে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। চলতি বছরের শেষ দিকে প্রথম ইউনিট থেকে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরুর প্রত্যাশা রয়েছে।

