প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে নতুন বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
শনিবার রাজধানীর সিরডাপে কপ-৩১ সামনে রেখে আয়োজিত জাতীয় সংলাপে তিনি এ কথা বলেন। এ সময় তিনি জানান, জাপানের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব।
শামা ওবায়েদ বলেন, কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ জ্বালানি রূপান্তর, পরিবেশবান্ধব পাটজাত পণ্যের সম্ভাবনা এবং জলবায়ু অভিযোজন ও প্রশমনে সমান গুরুত্ব দেওয়ার দাবি জানাবে। উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ করে অনুদান দেওয়ার আহ্বান জানান তিনি। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় তহবিল গঠন এবং বৈশ্বিক আলোচনায় ঐক্যবদ্ধ অবস্থানের ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।
উল্লেখ্য, বাণিজ্য সম্প্রসারণ ও জাপানি বিনিয়োগ আকর্ষণে আগামী ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

