চীনের প্রত্যন্ত তিব্বত অঞ্চলে ৭.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪৬ জন, যাদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। প্রবল কম্পনে শত শত বাড়িঘর ধসে পড়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে প্রথম এবং রাত ১০টা ৩৩ মিনিটে দ্বিতীয় দফায় ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল নাগকু শহর থেকে প্রায় ১৯০ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বের একটি পার্বত্য এলাকায়। রাজধানী লাসা থেকে এলাকাটির দূরত্ব প্রায় ৩৯০ কিলোমিটার উত্তর-পূর্বে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ভূমিকম্পে অন্তত ৩৩৯টি বাড়ি ধসে পড়েছে। উদ্ধার অভিযানে ৩০০-এর বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছেন কি না, তা খতিয়ে দেখছেন উদ্ধারকারীরা।

