জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই। নির্বাচন সুষ্ঠু না হলে দেশে আগুন জ্বলবে, অস্থিতিশীলতা তৈরি হবে। জনগণ এখন অনেক বেশি সচেতন। ফলে নির্বাচনে কারচুপি করাও কঠিন হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ‘সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস’-এর জনপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সংসদ সদস্য, ককাসের অংশীজন, আমন্ত্রিত অতিথি, এনজিও ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
স্পিকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন ছিল। বিগত আওয়ামী লীগ সরকার পরপর তিনটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার নস্যাৎ করেছে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে জনগণ রাজপথে নেমে আসে। তাদের দৃঢ় প্রতিরোধের মধ্য দিয়ে স্বৈরশাসনের অবসান ঘটে। জনগণের ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে বর্তমান সংসদ কাজ করছে।
অতীতের নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচনে ভোটগ্রহণের আগেই ১৫৩ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এ ধরনের অভিজ্ঞতা গণতন্ত্রের জন্য ভয়াবহ। বর্তমান সংসদ গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছে। তাই ভবিষ্যতেও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
নির্বাচনে অর্থের প্রভাব কমানোর ওপর গুরুত্বারোপ করে স্পিকার বলেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারলে প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়ে আসবেন। আর প্রকৃত জনপ্রতিনিধিদের মাধ্যমেই দেশের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
তিনি আরও বলেন, এবারের সংসদে নারী সংসদ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আগের তুলনায় তারা অনেক বেশি অভিজ্ঞ ও দক্ষ হয়ে উঠেছেন।
অনুষ্ঠানের শুরুতে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য ককাস গঠনের প্রেক্ষাপট, উদ্দেশ্য ও কর্মপরিধি তুলে ধরেন।
সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য মো. সাইফুল ইসলাম।

