আদালতে মামলার চাপ কমাতে এবং বিচারপ্রার্থীদের ন্যায়বিচার প্রাপ্তি সহজ করতে দেশের ৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আইন মন্ত্রণালয় ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) যৌথ আয়োজনে ‘নতুন প্রাক-মামলা মধ্যস্থতা ব্যবস্থা: দেশব্যাপী সম্প্রসারণের জন্য একটি রোডম্যাপ প্রণয়ন’ শীর্ষক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ন্যায়বিচার পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। এ অধিকার নিশ্চিত করতে সরকার বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে (এডিআর) অগ্রাধিকার দিয়েছে। প্রাক-মামলা মধ্যস্থতার মাধ্যমে আদালতে মামলা দায়েরের আগেই বিরোধ দ্রুত ও শান্তিপূর্ণভাবে নিষ্পত্তির সুযোগ তৈরি হচ্ছে।
তিনি বলেন, দীর্ঘদিনের মামলা-মোকদ্দমা সাধারণ মানুষ, বিশেষ করে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর ওপর আর্থিক ও মানসিক চাপ সৃষ্টি করছে। পাইলট প্রকল্পের অভিজ্ঞতায় দেখা গেছে, পারিবারিক ও দেওয়ানি বিরোধের উল্লেখযোগ্য অংশ মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তি করা সম্ভব। এতে নতুন মামলা দায়েরের প্রবণতা কমার পাশাপাশি আদালতের ওপর চাপও হ্রাস পাবে।
মন্ত্রী বলেন, পাইলট প্রকল্পের সাফল্যকে স্থায়ী জাতীয় ব্যবস্থায় রূপ দিতে ৬৪ জেলায় কার্যক্রম সম্প্রসারণে প্রয়োজনীয় নীতিগত, প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেবে আইন মন্ত্রণালয়।
বাণিজ্যিক আদালত আইন প্রসঙ্গে তিনি বলেন, জাপানি প্রতিষ্ঠান টয়োটাসহ বিদেশি বিনিয়োগকারীদের অভিজ্ঞতা ও তথ্যের ভিত্তিতে আইনের খসড়া পুনর্গঠন করা হচ্ছে।
বিদেশি বিনিয়োগকারীরা যাতে বিচারিক ও আইনি প্রক্রিয়ায় হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।
সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি, আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, বাংলাদেশ লিগ্যাল এইডের মহাপরিচালক মো. মনজুরুল হোসেন এবং জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো। সভাপতিত্ব করেন অ্যাকসেস টু জাস্টিস প্রকল্পের পরিচালক মো. খাদেম উল কায়েস।
সম্মেলনে প্রাক-মামলা মধ্যস্থতার অভিজ্ঞতা, অর্জন ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। এ সময় অ্যাকসেস টু জাস্টিস প্রকল্পের দ্বিতীয় পর্যায় বাস্তবায়নে আইন মন্ত্রণালয় ও জাইকার মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।

