দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৩১ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।
শনিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে প্রকাশিত হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ নভেম্বর সকাল ৮টা থেকে ২১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে মারা যাওয়া দুজনের মধ্যে একজন ঢাকা বিভাগের এবং অন্যজন খুলনা বিভাগের বাসিন্দা। এ সময়ে নতুন করে ৯৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২১ নভেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩৮ জনে। অন্যদিকে, নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯১ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮০৮ জন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২ লাখ ৫৫ হাজার ৪২৪ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৬০ জনে। এ পর্যন্ত সন্দেহজনক ও নিশ্চিত হাম আক্রান্তদের মধ্যে মোট ২ লাখ ২৮ হাজার ৪৬৬ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৫৭ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ১৪৫ জন, সিলেটে ১০১ জন, বরিশালে ৮৩ জন, খুলনায় ৬০ জন, ময়মনসিংহে ৫৬ জন, রংপুরে ১৮ জন এবং রাজশাহীতে ১১ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
Keep Reading
Add A Comment

