দেশে ডেঙ্গুর প্রকোপ কিছুতেই কমছে না। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন। ফলে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১৬ জনে।
শনিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের নভেম্বরের প্রথম ২০ দিনে ডেঙ্গুতে ৯৭ জনের মৃত্যু হয়েছে। এর আগে অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়। এছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বুলেটিনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৬৭৪ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭১ হাজার ৯৫৪ জনে। এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৫ হাজার ৮৬৪ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৭৪৪ জন। এছাড়া চট্টগ্রামে ২৫৫ জন, খুলনায় ২২৭ জন, বরিশালে ১৪৫ জন, রাজশাহীতে ১৪৬ জন, ময়মনসিংহে ৯৩ জন এবং রংপুরে ৬৪ জন রোগী ভর্তি হয়েছেন।
পরিসংখ্যান বলছে, নভেম্বরের শেষার্ধেও ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। প্রতিদিন বিপুলসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় চিকিৎসাসেবা ও হাসপাতাল ব্যবস্থাপনার ওপর চাপ বাড়ছে।
Keep Reading
Add A Comment

