টানা বৃষ্টির প্রভাবে রাজধানীর বাজারগুলোতে ক্রেতার উপস্থিতি কমে গেছে। এতে বেচাকেনা কমে লোকসানের আশঙ্কায় পড়েছেন ব্যবসায়ীরা। অন্যদিকে, বৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সবজি সংগ্রহ ও পরিবহনে বিঘ্ন ঘটায় বাজারে কমেছে সরবরাহ। ফলে শিম, টমেটোসহ কয়েক ধরনের সবজির দাম বেড়েছে।
বৃহস্পতিবার দিনভর বৃষ্টির পর শুক্রবারও রাজধানীতে বৃষ্টিপাত অব্যাহত ছিল। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সাধারণত শুক্রবার বাজারগুলোতে ক্রেতাদের ভিড় থাকে। তবে বৃষ্টির কারণে এদিন অধিকাংশ বাজারেই ক্রেতার উপস্থিতি ছিল তুলনামূলক কম। ফলে ভালো বেচাকেনার প্রত্যাশা পূরণ হয়নি ব্যবসায়ীদের।
কদমতলীর সাদ্দাম মার্কেটের সবজি বিক্রেতারাও জানিয়েছেন, বৃষ্টির কারণে শুক্রবার সেখানে তেমন বেচাকেনা হয়নি। খুচরা বিক্রেতা মো. ফরিদ উদ্দিন বলেন, সারা সপ্তাহ শুক্রবারের বাজারের জন্য অপেক্ষা করি। অন্য দিন ব্যবসা কমবেশি হলেও ছুটির দিনে ক্রেতাদের ভিড় বেশি থাকে। এ কারণে এদিন বেশি করে সবজি দোকানে তুলি। কিন্তু একটানা বৃষ্টির কারণে গতকাল ক্রেতা ছিল খুবই কম। বেশিরভাগ সময় অলস বসে থাকতে হয়েছে।
শনির আখড়া বাজারের মুরগি বিক্রেতা মো. উজ্জ্বল বলেন, সাধারণত শুক্রবার ক্রেতাদের সামাল দিতে হিমশিম খেতে হয়। জুমার নামাজের আগ পর্যন্ত প্রচুর ভিড় থাকে। কিন্তু বৃষ্টির কারণে গতকাল ক্রেতা ছিল খুবই কম। ডাকাডাকি করেও বিক্রি বাড়ানো যাচ্ছে না। শুক্রবারের মতো একটি দিনের ব্যবসা হাতছাড়া হলে বড় ধরনের লোকসান গুনতে হয়।
এদিকে, সবজির দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকার কৃষকরা ক্ষেত থেকে সবজি তুলতে পারেননি। পাশাপাশি সংগ্রহ ও পরিবহনে সমস্যার কারণে রাজধানীর পাইকারি বাজারগুলোতে সবজিবাহী ট্রাকের সংখ্যাও কম ছিল। ফলে চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় কয়েক ধরনের সবজির দাম বেড়েছে।
ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবারের বাজারে প্রতি কেজি শিম বিক্রি হয়েছে ১০০ থেকে ১২০ টাকায়। টমেটোর দাম ছাড়িয়েছে ২০০ টাকা। বেগুন ও করলার দাম কেজিতে ১০ টাকা করে বেড়েছে। বরবটির দাম বেড়ে কেজিপ্রতি ১০০ টাকায় পৌঁছেছে।
অন্যদিকে, পটল আগের মতোই কেজিপ্রতি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ঝিঙার দাম ১০ টাকা বেড়ে ৮০ টাকা হয়েছে। মুলা ও শালগমের দাম বেড়ে কেজিপ্রতি ৭০ থেকে ৮০ টাকায় দাঁড়িয়েছে। লাউ, জালি ও কচুর লতির দাম অপরিবর্তিত রয়েছে।
কাঁচামরিচের দাম কিছুদিন আগে কমে কেজিপ্রতি ৮০ টাকায় নেমেছিল। তবে আবার বেড়ে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া নতুন আলুর কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকায়।
Keep Reading
Add A Comment

