দেশে ও বিদেশে বাংলাদেশ সরকারের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণ ১৩ লাখ ৩৭ হাজার ২৫০ কোটি টাকা এবং বৈদেশিক ঋণ ১০ লাখ ৩২৫ কোটি টাকা।
অন্যদিকে, চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সাত মাসে ২ হাজার ৯৫০ দশমিক ৫২ মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে বর্তমান সরকার।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল ও সংসদ সদস্য মোসা. ফরিদা ইয়াসমিনের পৃথক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব তথ্য জানান।
অর্থমন্ত্রী জানান, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সরকারের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা। ২০২৬-২৭ অর্থবছরের নির্দিষ্টকরণ আইন অনুযায়ী, এ অর্থবছরে সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধে মোট ৮ লাখ ৮ হাজার ৭৭৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তবে অর্থবছর শেষে ঋণ পরিশোধের চূড়ান্ত পরিমাণে কিছুটা পরিবর্তন হতে পারে।
তিনি বলেন, সাধারণ ভবিষ্যৎ তহবিল (জিপিএফ) ও জাতীয় সঞ্চয়পত্রের মেয়াদপূর্তির আগে অর্থ উত্তোলন বা নগদায়নের পরিমাণ আগাম নির্ধারণ করা সম্ভব নয়। এসব খাতে অর্থ উত্তোলনের পরিমাণ কম-বেশি হওয়ার ওপর নির্ভর করে বছর শেষে মোট ঋণ পরিশোধের হিসাবেও পরিবর্তন আসতে পারে।
অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বিগত সরকারের রেখে যাওয়া বৈদেশিক ঋণের বোঝা সহনীয় পর্যায়ে রাখতে বর্তমান সরকার শুরু থেকেই কাজ করছে। বৈদেশিক ঋণে নতুন কোনো প্রকল্প গ্রহণের আগে সংশ্লিষ্ট প্রকল্প ও ঋণ প্রস্তাব পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে। এর উদ্দেশ্য অপ্রয়োজনীয় প্রকল্পে নতুন করে ঋণ গ্রহণ এড়িয়ে চলা।
তিনি আরও বলেন, বৈদেশিক ঋণে বাস্তবায়নাধীন প্রকল্পগুলো দেশের ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও পুনরুদ্ধারের লক্ষ্য এবং সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
বিশেষ করে উচ্চ সুদ ও স্বল্পমেয়াদি অনমনীয় শর্তের বৈদেশিক ঋণ গ্রহণের ক্ষেত্রে সরকার বিশেষ সতর্কতা অবলম্বন করছে। অর্থমন্ত্রী জানান, ২০২৬ সালের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সাত মাসে বর্তমান সরকার ২ হাজার ৯৫০ দশমিক ৫২ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে।

