দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। চলতি নভেম্বর মাসের প্রথম ২১ দিনেই ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১০০ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১৮ জনে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১৯ জন।
রবিবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন এবং অক্টোবরে ১৭৪ জন ডেঙ্গুতে মারা গেছেন। আর নভেম্বরের প্রথম ২১ দিনেই প্রাণ গেছে ১০০ জনের।
বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১৯ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৩ হাজার ৪৭৩ জনে। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৮৮৫ জন।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৭৫৫ জন। এ ছাড়া খুলনায় ১৭৪ জন, বরিশালে ১৬৭ জন, চট্টগ্রামে ১৫০ জন, রাজশাহীতে ১৩৩ জন, ময়মনসিংহে ৭৬ জন এবং রংপুরে ৬৪ জন ভর্তি হয়েছেন।
Keep Reading
Add A Comment

