জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ, প্রকল্প ঋণ ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা।
বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পের মধ্যে নতুন ১০টি, সংশোধিত দুটি এবং মেয়াদ বৃদ্ধির একটি প্রকল্প রয়েছে।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধনে ব্যয় ১ হাজার ৩১০ কোটি ৪০ লাখ টাকা বাড়িয়ে মোট ৭ হাজার ৩৯ কোটি ৩০ লাখ টাকা করা হয়েছে।
এ ছাড়া সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁর গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৩ হাজার ৭৬৭ কোটি ৫০ লাখ টাকার প্রকল্প অনুমোদন হয়েছে। বাংলাদেশ রেলওয়ের জন্য ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহে ব্যয় হবে ২ হাজার ৭৬৯ কোটি ৮৬ লাখ টাকা।
রামপালে ৪৪২ মেগাওয়াট পিক সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ২ হাজার ৪৯৮ কোটি ৭ লাখ ৯৩ হাজার টাকার প্রকল্প অনুমোদন হয়েছে। এছাড়া গাজীপুর সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর জোনের রাস্তা, নর্দমা ও ফুটপাত উন্নয়নে ২ হাজার ৫৮৬ কোটি ৯৯ লাখ টাকার প্রকল্প নেওয়া হয়েছে।
রংপুর সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়নে ১ হাজার ৬০২ কোটি ৭৯ লাখ টাকা এবং ক্ষতিগ্রস্ত রাস্তা পুনর্বাসনে আরও ২১০ কোটি ৪৯ লাখ টাকার প্রকল্প অনুমোদন হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন পাঁচ অঞ্চলের ১৮ ওয়ার্ডে সড়ক ও ড্রেনেজ উন্নয়নে ব্যয় হবে ৭৮৪ কোটি ৪৯ লাখ টাকা।
এ ছাড়া বিআইডব্লিউটিসির জন্য ৩৫টি বাণিজ্যিক ও আটটি সহায়ক জলযান সংগ্রহ এবং দুটি স্লিপওয়ে নির্মাণ প্রকল্পের তৃতীয় সংশোধনে ৭৭ কোটি ২৩ লাখ টাকা ব্যয় বাড়িয়ে মোট ২ হাজার ১৬৮ কোটি ৮৮ লাখ টাকা করা হয়েছে। প্রকল্পটির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
প্যারিসে ক্রয় করা বাংলাদেশ চ্যান্সারি ভবনের সংস্কার ও আধুনিকায়নে ২১১ কোটি ৩০ লাখ টাকা এবং পঞ্চগড়ের ভজনপুর-পঞ্চগড় সড়কে দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণে ২০৩ কোটি ৫২ লাখ ৬৬ হাজার টাকার প্রকল্প অনুমোদন হয়েছে।
এ ছাড়া থানচি-রিমাকরি-মদক-লিকরি সড়ক নির্মাণ প্রকল্পের ব্যয় ৩৬ কোটি ৫০ লাখ ৩২ হাজার টাকা বাড়িয়ে মোট ৯২৬ কোটি ১২ লাখ ৩২ হাজার টাকা করা হয়েছে এবং মেয়াদ ২০২৮ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টিতে ১৮৪ কোটি ৮৮ লাখ ৩৫ হাজার টাকার নতুন প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে।
এদিকে, পরিকল্পনা মন্ত্রীর মাধ্যমে ইতোমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের একটি প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করা হয়েছে।
Keep Reading
Add A Comment

