জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছে ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণ।
রোববার (১৮ অক্টোবর) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ আপিল করা হয়।
এর আগে গত ১০ সেপ্টেম্বর গ্রামীণ কল্যাণের দায়ের করা রিট খারিজ করে এনবিআরের দাবিকৃত ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের পক্ষে রায় দেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।
গত ১২ অক্টোবর সংশ্লিষ্ট বিচারপতিদের স্বাক্ষরের পর ১৫ ও ৩২ পৃষ্ঠার পৃথক পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।
এর আগে, জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৪ অক্টোবর হাইকোর্টের একটি বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ-সংক্রান্ত আগের রায় প্রত্যাহার করেন। পরে মামলাটি শুনানির জন্য নতুন বেঞ্চে পাঠানো হয়।

