জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাকে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার ইহিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা সুদৃঢ় করতে চায় বাংলাদেশ।
রোববার সকালে সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাতটি ব্যাটালিয়ন ও রেজিমেন্টকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ন্যাশনাল স্ট্যান্ডার্ড পাওয়া ইউনিটগুলো হলো প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, ৭ ও ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ২৫ এয়ার ডিফেন্স রেজিমেন্ট, ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং ৫৬ ও ৫৭ ইস্ট বেঙ্গল। প্রধানমন্ত্রী বলেন, এ সম্মান ইউনিটগুলোর ইতিহাস, ঐতিহ্য, শৃঙ্খলা, আত্মত্যাগ ও পেশাদারিত্বের প্রতীক এবং দায়িত্ব আরও নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকার।
তিনি বলেন, বাংলাদেশের সেনাবাহিনীর জন্ম স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। ১৯৭১ সালে মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে বাঙালি সেনাসদস্যদের সশস্ত্র প্রতিরোধ এবং কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তাঁর স্বাধীনতার ঘোষণা মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়।

