বিগত সময়ে রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা এ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
রাজনৈতিক হয়রানির শিকার ব্যক্তিদের হয়রানি থেকে মুক্তি দিতে সরকার এ কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. কেরামত আলীর লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের কার্যক্রম অন্তর্বর্তী সরকারের সময়ে শুরু হয়। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এ কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে বিশেষ উদ্যোগ নেয়।
এর অংশ হিসেবে ২০২৬ সালের ৫ মার্চ জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে চার সদস্যের কমিটি গঠন করা হয়। এসব কমিটি মামলা প্রত্যাহারের আবেদন, এজাহার, প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিটের সত্যায়িত অনুলিপি এবং পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে।
মামলাটি রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা হয়েছে কি না, জনস্বার্থে তা পরিচালনার প্রয়োজনীয়তা রয়েছে কি না এবং মামলা অব্যাহত থাকলে রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে কি না—এসব বিষয় বিবেচনা করে মামলা প্রত্যাহারের সুপারিশ করে জেলা কমিটি।
আইনমন্ত্রী আরও জানান, জেলা কমিটির সুপারিশ যাচাই-বাছাই করে মামলা প্রত্যাহারের কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনার জন্য ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে কোনো মামলা হয়রানিমূলক প্রমাণিত হলে তা প্রত্যাহারে সরকার প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

