টেলিযোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের বিভ্রাটের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচলে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। দেশব্যাপী উড্ডয়ন স্থগিত (গ্রাউন্ড স্টপ) থাকার পর অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল আংশিকভাবে শুরু হলেও পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। এরই মধ্যে শনিবার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আগমন-নির্গমন মিলিয়ে ৩ হাজার ৩০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।
এতে দেশটির বিভিন্ন বিমানবন্দরে আটকা পড়েছেন হাজার হাজার যাত্রী।
ফ্লাইট চলাচলের তথ্য পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছে, সিস্টেম বিপর্যয়ের পর শনিবার স্থানীয় সময় সকাল সোয়া ৬টা পর্যন্ত নির্ধারিত ফ্লাইটের মধ্যে ডেল্টা এয়ারলাইনসের ১৯ শতাংশ, ইউনাইটেড এয়ারলাইনসের ১৬ শতাংশ এবং আমেরিকান এয়ারলাইনসের ১৪ শতাংশ বাতিল করা হয়েছে। ভ্রমণ বিশেষজ্ঞদের আশঙ্কা, ফ্লাইটের নিয়মিত সময়সূচি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে।
এদিকে এ বিপর্যয়ের জন্য পুরোনো এয়ার ট্রাফিক কন্ট্রোল প্রযুক্তি ও অতিরিক্ত চাপের রাউটারকে দায়ী করেছে ট্রাম্প প্রশাসন। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) পুরোনো প্রযুক্তিগত অবকাঠামো দ্রুত আধুনিকায়নের ওপর জোর দেওয়া হয়েছে।
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েইন মুলিন জানিয়েছেন, ফ্লাইট স্থগিতের ঘটনায় জাতীয় নিরাপত্তার জন্য কোনো হুমকি ছিল না। সম্প্রতি মাইক্রোসফটের সিস্টেমে ঘটে যাওয়া বিভ্রাটের সঙ্গেও এর কোনো সম্পর্ক নেই। অন্যদিকে পরিবহনমন্ত্রী শন ডাফি বিমান চলাচল ব্যবস্থার আধুনিকায়নে জরুরি তহবিল বরাদ্দের জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগলেও আসন্ন থ্যাংকসগিভিং ছুটির ভ্রমণে এর প্রভাব পড়বে না বলে আশা প্রকাশ করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের আকাশপথের এ অচলাবস্থার প্রভাব পড়েছে ইউরোপের কয়েকটি ব্যস্ত বিমানবন্দরেও। প্যারিসের চার্লস দ্য গল, জার্মানির ফ্রাঙ্কফুর্ট এবং যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রগামী বেশ কয়েকটি ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। এ ছাড়া ফ্লাইট জটিলতার কারণে শনিবারের নির্ধারিত কয়েকটি কলেজ ফুটবল ম্যাচের সময়সূচিও পরিবর্তন করতে বাধ্য হয়েছেন আয়োজকরা।
ফ্লাইট বাতিল হলে যাত্রীদের অধিকারএমন পরিস্থিতিতে ফ্লাইট বাতিল হলে যাত্রীদের অধিকার ও করণীয় সম্পর্কে বিশেষজ্ঞরা জানিয়েছেন, কোনো এয়ারলাইনস ফ্লাইট বাতিল করলে এবং যাত্রী ভ্রমণ না করার সিদ্ধান্ত নিলে টিকিটের সম্পূর্ণ মূল্য নগদে ফেরত পাওয়ার অধিকার রয়েছে তাঁর। এ ক্ষেত্রে এয়ারলাইনস কর্তৃপক্ষ অর্থ ফেরতের পরিবর্তে ক্রেডিট বা ভাউচার দিতে চাইলে যাত্রী তা প্রত্যাখ্যান করতে পারেন।
এ ছাড়া যাত্রীদের বিকল্প ভ্রমণ পরিকল্পনা আগে থেকেই প্রস্তুত রাখা এবং তুলনামূলক কম বিলম্বের আশঙ্কা রয়েছে—এমন ভোরের ফ্লাইট বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

