যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস উপকূলে ছয় আরোহী নিয়ে একটি চিকিৎসাবাহী বিমান নিখোঁজ হয়েছে। বারমুডা থেকে বোস্টনের উদ্দেশে উড্ডয়নের পর মাঝ আকাশে বিমানটির রেডিও ও রাডার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে নানটাকেট দ্বীপের উপকূলে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেলেও ছয় আরোহীর সন্ধান মেলেনি। জানা যায়, স্থানীয় সময় শনিবার (৩ অক্টোবর) ভোরে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর আকাশ ও সমুদ্রপথে উদ্ধার অভিযান শুরু করে মার্কিন কর্তৃপক্ষ। অভিযানে বিমান, হেলিকপ্টার ও নৌযান ব্যবহার করা হচ্ছে।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, গালফস্ট্রিম জি-১০০ বিমানটি প্রায় ২৪ হাজার ফুট উচ্চতা থেকে কয়েক মিনিটের মধ্যে ১১ হাজার ফুটে নেমে আসে। এ সময় পাইলট জরুরি পরিস্থিতির কথা জানান। পরে বিমানটিতে বৈদ্যুতিক সমস্যার কথাও জানানো হয়।
কানাডাভিত্তিক ল্যাটিটিউড এয়ার অ্যাম্বুলেন্সের বিমানটিতে ছিলেন দুই পাইলট, দুই চিকিৎসাকর্মী, একজন রোগী ও তার এক স্বজন। বিমানটি বারমুডা থেকে বোস্টনের উদ্দেশে যাচ্ছিল।

