ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নিজের ফোনে আড়িপাতার অভিযোগ তুলেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।
একই সঙ্গে জাতীয় নিরাপত্তা, নির্বাচনি প্রক্রিয়া ও বিদেশি প্রভাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি মুখোমুখি বিতর্কে বসার চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সমর্থকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে এ অভিযোগ করেন রাহুল। এ সময় নিজের মুঠোফোন উঁচিয়ে ধরে তিনি বলেন, ‘প্রমাণ এই ফোনেই আছে এবং প্রধানমন্ত্রী তা জানেন, কারণ তিনি আমার ফোনে আড়িপাতেন।’ তবে সরাসরি সম্প্রচারিত ওই অনুষ্ঠানে অভিযোগের পক্ষে কোনো যাচাইযোগ্য প্রযুক্তিগত প্রমাণ উপস্থাপন করেননি তিনি।
রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সরাসরি বিতর্ক হলেই স্পষ্ট হবে কারা বিদেশি শক্তির নিয়ন্ত্রণে রয়েছেন এবং কারা দেশবিরোধী। শুক্রবারের এ বক্তব্যের মধ্য দিয়ে গত ১২ দিনে সপ্তমবারের মতো মোদিকে প্রকাশ্যে বিতর্কে বসার আহ্বান জানালেন তিনি। নির্বাচনি প্রক্রিয়া, বিদেশি প্রভাব ও জাতীয় নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনার দাবি জানিয়ে আসছেন কংগ্রেস নেতা।
পেগাসাস নিয়ে আগেও অভিযোগএর আগেও একাধিকবার ফোনে আড়িপাতার অভিযোগ তুলেছিলেন রাহুল। তাঁর দাবি, পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে কেন্দ্রীয় সংস্থাগুলো তাঁর ও অন্য রাজনীতিকদের ফোনে নজরদারি চালিয়েছে। ২০২৩ সালে তিনি অভিযোগ করেন, তাঁর ফোনে পেগাসাস স্পাইওয়্যার রয়েছে।
এ সময় গোয়েন্দা কর্মকর্তারা তাঁকে ফোনে কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলেন বলেও দাবি করেন তিনি। তবে ভারতের কেন্দ্রীয় সরকার বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
এদিকে রাহুলের বিতর্কে বসার আহ্বান একাধিকবার প্রত্যাখ্যান করেছেন বিজেপির শীর্ষ নেতারা। তাঁদের অভিযোগ, সংসদে গঠনমূলক আলোচনায় অংশ নেওয়ার পরিবর্তে বিতর্কের আহ্বান জানিয়ে রাজনৈতিক প্রচার চালাচ্ছেন রাহুল। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এর আগে প্রশ্ন তুলেছিলেন, সংসদে আলোচনার সুযোগ থাকা সত্ত্বেও কেন রাহুল অন্য কোনো স্থানে বিতর্কের দাবি জানাচ্ছেন।

