ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ২৯৪ আসনের মধ্যে ২৯৩টি আসনের ফল গণনা চলছে, আর প্রাথমিক প্রবণতায় এগিয়ে রয়েছে ক্ষমতাসীন দল বিজেপি।
সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, বিজেপি বর্তমানে প্রায় ২০৫টির বেশি আসনে এগিয়ে আছে। অন্যদিকে দীর্ঘদিন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস ৮২টির মতো আসনে এগিয়ে থেকে পিছিয়ে পড়েছে, যা গত নির্বাচনের তুলনায় উল্লেখযোগ্য পতন।
এই ফলাফলের মধ্যেই প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, “পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে। ২০২৬ সালের নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।”
মোদি আরও বলেন, “জনগণ বিজেপিকে একটি শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে। এই জয় জনগণের জয়। আমরা পশ্চিমবঙ্গের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করব এবং এমন একটি সরকার গঠন করব যা সবার মর্যাদা ও সুযোগ নিশ্চিত করবে।”
তিনি পশ্চিমবঙ্গের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমরা প্রতিটি মানুষের কাছে মাথা নত করছি।”
উল্লেখ্য, দুই দফায় ভোটগ্রহণ শেষে গত ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হয়। শুরুতে তৃণমূল কংগ্রেস বড় জয়ের প্রত্যাশা করলেও ভোট গণনার অগ্রগতিতে বিজেপির অপ্রত্যাশিত অগ্রগতি রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

