বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানসহ তিন বিশিষ্ট ব্যক্তি।
জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের ১৮তম সংস্করণে বাংলাদেশের অন্য দুই প্রতিনিধি হলেন মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন ও আইনজীবী রাজিয়া সুলতানা।
তালিকায় তারেক রহমানকে ‘পলিটিক্যাল’ বা রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে। পরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। নতুন সরকারের প্রধান হিসেবে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বে তাঁর ভূমিকার স্বীকৃতিতে প্রথমবারের মতো এ তালিকায় জায়গা পেয়েছেন তারেক রহমান।
অন্যদিকে, বাংলাদেশের ড. হামিদা হোসেন ও রাজিয়া সুলতানা স্থান পেয়েছেন ‘সোশ্যাল ইস্যুজ’ বা সামাজিক বিষয়াবলি বিভাগে। মানবাধিকারকর্মী ও গবেষক ড. হামিদা হোসেন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অন্যতম প্রতিষ্ঠাতা। নারীর অধিকার, মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিতে নিয়মিত এ তালিকায় স্থান পাচ্ছেন তিনি।
অন্যদিকে, পেশায় আইনজীবী ও মানবাধিকারকর্মী রাজিয়া সুলতানা রোহিঙ্গা সংকট এবং শরণার্থী নারী ও শিশুদের অধিকার রক্ষায় কাজের জন্য আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছেন।
এদিকে, ২০২৬ সালের সংস্করণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ৫০তম অবস্থানে ছিলেন। তবে ২০২৭ সালের নতুন সংস্করণে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়নি।
এবারের তালিকায় যৌথভাবে প্রথম স্থান পেয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনির এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
তাঁদের পর চতুর্থ স্থানে রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি।
প্রকাশনাটির তথ্যমতে, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিম জনগোষ্ঠীর ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও আর্থিক প্রভাব বিস্তারের সক্ষমতা বিবেচনায় নিয়ে এ তালিকা তৈরি করা হয়।
এতে কেবল শীর্ষ ৫০ জনকে ক্রমানুসারে স্থান দেওয়া হয়েছে। বাকি ৪৫০ জনকে নির্দিষ্ট কোনো ক্রম বা র্যাঙ্কিং ছাড়াই রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান ও সংস্কৃতিসহ ১৩টি বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বাংলাদেশের তিন ব্যক্তিত্বই রয়েছেন এই র্যাঙ্কিংবিহীন তালিকায়।

