নারীদের যাতায়াত আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সহজ করতে ১০০টি বৈদ্যুতিক বাস কেনার উদ্যোগ নিয়েছে সরকার।
এ জন্য বাস ক্রয়, চার্জিং স্টেশন স্থাপন ও প্রয়োজনীয় আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪০০ কোটি টাকা। আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তান্তরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বিআরটিসির চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর জানান, বাসগুলো কেনার দায়িত্ব দেওয়া হয়েছে প্রগতি ইন্ডাস্ট্রিজকে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি চীনের কয়েকটি বাস সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছে।
আগামী ১৮ নভেম্বর দরপত্র আহ্বান এবং ২২ নভেম্বর বাস কেনার চূড়ান্ত কার্যাদেশ দেওয়ার পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে অনুমোদনের জন্য প্রস্তাবটি সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠানো হবে।
প্রচলিত উন্মুক্ত দরপত্র পদ্ধতির পরিবর্তে সরাসরি ক্রয় পদ্ধতিতে বাসগুলো সংগ্রহ করা হচ্ছে। গত ৬ আগস্ট ২০০টি বৈদ্যুতিক বাস ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে ৮০০ কোটি টাকার একটি প্রকল্পের নীতিগত অনুমোদন দেয় সরকার।
দুই ধাপে বাস্তবায়নাধীন এ প্রকল্পের প্রথম পর্যায়ে নারীদের যাতায়াতের জন্য ১০০টি বৈদ্যুতিক বাস কেনা হচ্ছে।

