সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে দেশে ফিরতে চাইলে তাকে প্রত্যর্পণের ক্ষেত্রে কোনো আইনি জটিলতা থাকার কথা নয় বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি বলেছেন, শেখ হাসিনা একজন দণ্ডিত আসামি। তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। ওই চুক্তির আওতায় ভারত সরকারের কাছে তাকে ফেরত চাওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, প্রত্যর্পণ নিয়ে ভারতের পক্ষ থেকে আইনি জটিলতার কথা বলা হলেও শেখ হাসিনা নিজেই দেশে ফিরতে চাইলে সে ধরনের জটিলতার প্রশ্ন থাকার কথা নয়।
তিনি মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত। সাধারণ হত্যা ও মানবতাবিরোধী অপরাধ এক বিষয় নয়; এ দুটির মধ্যে আইনি পার্থক্য রয়েছে। প্রত্যর্পণের ক্ষেত্রে কোনো আইনি প্রশ্ন উঠলে তা আদালতে নিষ্পত্তির সুযোগ রয়েছে।
সংবিধানের ৪৭ অনুচ্ছেদের প্রসঙ্গ তুলে উপদেষ্টা বলেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের মৌলিক অধিকারের ক্ষেত্রে সংবিধানে বিশেষ বিধান রয়েছে। সরকারের অবস্থান হলো, দণ্ডিত আসামিকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা। এ ক্ষেত্রে ভারতের সহযোগিতা প্রত্যাশা করছে বাংলাদেশ।
শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, কোনো অপরাধী অন্য দেশে পালিয়ে গেলে এবং তার অবস্থান জানা থাকলে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে গ্রেফতার করে সংশ্লিষ্ট দেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানানোর সুযোগ রয়েছে। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে একাধিকবার শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করেছে।
তিনি আরও বলেন, শুধু শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনাই নয়, এ ক্ষেত্রে যথাযথ আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করাও সরকারের কাছে গুরুত্বপূর্ণ। রাষ্ট্র হিসেবে বাংলাদেশের প্রত্যর্পণের অধিকার রয়েছে। এ বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত থাকবে।
শেখ হাসিনার পাসপোর্টের আবেদন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার আগেই জানিয়েছেন, একটি আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে।
তবে শেখ হাসিনা নিজে কোনো আবেদন করেননি। ফলে এ বিষয়ে নতুন করে আলোচনার সুযোগ নেই।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের বিষয়ে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, সংক্ষিপ্ত রায় প্রকাশ করা হয়েছে।
বিস্তারিত রায়ও প্রকাশ করা যেতে পারে। তবে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলেননি।
কূটনৈতিক পাড়ায় বিভিন্ন বৈঠক ও তৎপরতা নিয়ে সরকারের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই। তাই প্রতিক্রিয়া জানানোরও কিছু নেই।
শেখ হাসিনা ও তার দলের পক্ষ থেকে সরকারকে রাজনৈতিকভাবে চাপে ফেলার চেষ্টা হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, তারা চেষ্টা করতে পারেন। তবে বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে দেখছে না।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করাই সরকারের মূল লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, তাকে কোন প্রক্রিয়ায় ফিরিয়ে আনা হবে, সেটিও সরকারের কাছে সমান গুরুত্বপূর্ণ।

