রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান তাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মধ্যেই নিহিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত ও কার্যকর উদ্যোগ প্রয়োজন।
বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারির (Kelley E. Currie) সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
বৈঠকে মিয়ানমারের রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি, রোহিঙ্গা প্রত্যাবাসন, সীমান্ত নিরাপত্তা এবং রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দাপ্তরিক নথিপত্রে রোহিঙ্গাদের সংখ্যা কম দেখানো হলেও বাস্তবে বাংলাদেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে। দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক এই জনগোষ্ঠীকে আশ্রয় ও মানবিক সহায়তা দিতে গিয়ে দেশের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি হচ্ছে।
তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের সব প্রচেষ্টার মূল লক্ষ্য হওয়া উচিত তাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা।
তিনি আরও বলেন, আগামী ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা-সংক্রান্ত মামলার রায় ঘোষণার পর আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারি দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেন।
তিনি রোহিঙ্গাদের ওপর সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিষয় তুলে ধরে বলেন, তাদের প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ সৃষ্টি এবং মিয়ানমারে নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সহযোগীরা কাজ করে যাচ্ছে।
বৈঠকে রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকায় মাদক ও অস্ত্র পাচার এবং সাইবার অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে প্রয়োজনীয় প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি ও কারিগরি সহায়তা দেওয়ার বিষয়ে ইতিবাচক মতবিনিময় হয়।
এ ছাড়া চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ প্রভাবশালী দেশগুলোর সমন্বিত উদ্যোগে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
সাক্ষাৎকালে জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের সফরসঙ্গী থমাস হুনেকে (Thomas Hunecke), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান উপস্থিত ছিলেন।

