বর্তমান সরকার ধ্বংসস্তূপ থেকে কাজ শুরু করেছে। সেই বিবেচনায় স্বাস্থ্যখাতে অগ্রযাত্রা বেশ ভালো হচ্ছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও কার্যকর ও জনমুখী করতে পরিকল্পিত উদ্যোগ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ সোসাইটি অব কোলন অ্যান্ড রেক্টাল সার্জনস আয়োজিত ‘বিএসসিআরএস কংগ্রেস ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, বিগত সময়ে অপরিকল্পিত ব্যবস্থা ও দুর্নীতির কারণে দেশের স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারেনি। এ খাতের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের পাশাপাশি বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে।
।তিনি বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বরাদ্দ দিয়েছে। তবে শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, অর্থের যথাযথ ব্যবহারও নিশ্চিত করতে হবে। সরকারি অর্থ ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখা গেলে জনগণ আরও উন্নত চিকিৎসাসেবা পাবে।
রাষ্ট্রপতি আরও বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে কেউ যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে হবে। চিকিৎসা মানুষের মৌলিক প্রয়োজনের অংশ। তাই অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে কারও প্রয়োজনীয় চিকিৎসা ব্যাহত হওয়া উচিত নয়।
উন্নত চিকিৎসার জন্য মানুষকে যেন অপ্রয়োজনীয়ভাবে বিদেশে যেতে না হয়, সে লক্ষ্যে দেশের চিকিৎসাব্যবস্থার সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি। এ জন্য বিশেষায়িত চিকিৎসার অবকাঠামো উন্নয়ন, দক্ষ জনবল তৈরি এবং আধুনিক চিকিৎসাপদ্ধতির প্রসার প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
কোলন ও রেক্টাল সার্জারিসহ বিশেষায়িত চিকিৎসাক্ষেত্রে দক্ষ চিকিৎসক তৈরির ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি বলেন, নতুন প্রজন্মের সার্জন ও চিকিৎসকদের হাত ধরেই দেশের স্বাস্থ্যখাত আরও এগিয়ে যাবে এবং জনগণ উন্নত চিকিৎসাসেবা পাবে।
তিনি বলেন, বিএসসিআরএস কংগ্রেস ২০২৬-এর মতো পেশাগত আয়োজন চিকিৎসকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করে।
এসব আয়োজনের মাধ্যমে আধুনিক চিকিৎসাপদ্ধতি ও বিশেষায়িত সার্জারির অগ্রগতি সম্পর্কে জানার পাশাপাশি দেশের চিকিৎসাসেবার মানোন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হয়।

