দীর্ঘদিন ক্ষমতায় থেকেও দেশের শিক্ষা ও সংস্কৃতির উন্নয়ন চায়নি একটি মহল—এমন মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
তিনি বলেন, ‘তাদের কথা বাদ দেন।’ বাংলা সাহিত্যের জাগরণের যুগে মীর মশাররফ হোসেন ছিলেন একজন খ্যাতিমান ঔপন্যাসিক, নাট্যকার, ছড়াকার, সাংবাদিক ও বহুমাত্রিক প্রতিভার অধিকারী।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজবাড়ীর বালিয়াকান্দির পদমদী গ্রামে প্রখ্যাত সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিস্থলে বাংলা একাডেমি আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংস্কৃতিমন্ত্রী বলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বাংলা একাডেমির উদ্যোগে প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী পালন করা হয়। এবার পদমদীতে একটি সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
এ সমাজের মানুষকে জাগিয়ে তুলতে হবে। মীর মশাররফ হোসেন বহু বছর আগে মৃত্যুবরণ করলেও তাঁর জীবন ও কর্মের অসংখ্য স্মৃতিচিহ্ন এ এলাকায় ছড়িয়ে রয়েছে। তাঁর স্মৃতি, সাহিত্যকর্ম ও শিল্প-সংস্কৃতি সংরক্ষণে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।
তিনি আরও বলেন, চাইলে এ অনুষ্ঠান ঢাকায় আয়োজন করা যেত। কিন্তু যেসব মনীষী, কবি ও সাহিত্যিকের যেখানে সমাধি রয়েছে, সেখানেই তাঁদের স্মরণে দিবস পালন করতে চায় সরকার। এতে স্থানীয় মানুষ তাঁদের স্মৃতি ও অবদানকে ধারণ ও লালন করার সুযোগ পাবেন।
রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তারিফ-উল-হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম এবং উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ প্রমুখ।
এর আগে মন্ত্রী মীর মশাররফ হোসেনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বেলুন উড়িয়ে জন্মবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন।
জন্মবার্ষিকী উপলক্ষে স্মৃতিকেন্দ্রে দিনব্যাপী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণের আয়োজন করে বাংলা একাডেমি।
উল্লেখ্য, ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়ার কুমারখালীর লাহিনীপাড়ায় গৌরী নদীর তীরে জন্মগ্রহণ করেন মীর মশাররফ হোসেন। ১৯১১ সালের ১৯ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তী সময়ে রাজবাড়ীর বালিয়াকান্দির পদমদী গ্রামে তাঁকে সমাহিত করা হয়।

