জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থায়নের নামে ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণের বোঝা আরও বাড়ানো যাবে না।
এ ক্ষেত্রে ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়নকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান।
একই সঙ্গে জলবায়ু অর্থায়ন সবচেয়ে বেশি প্রয়োজন এমন দেশগুলোর কাছে পৌঁছানো নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১) উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির ফাঁকে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের উদ্যোগে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
খলিলুর রহমান বলেন, ছোট দ্বীপরাষ্ট্র ও অন্যান্য জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য অর্থায়নের কার্যকর ব্যবস্থা গড়ে তোলা জরুরি। এ অর্থায়ন যেন প্রকৃতপক্ষে সবচেয়ে বেশি প্রয়োজন এমন দেশগুলোর কাছে পৌঁছায় এবং তাদের ঋণের বোঝা আরও বাড়িয়ে না দেয়, তা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে তিনটি বিষয়কে অগ্রাধিকার দিতে হবে। এগুলো হলো—ছোট দ্বীপরাষ্ট্র ও স্বল্পোন্নত দেশগুলোর জন্য অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করা, নথিপত্রের জটিলতা কমিয়ে অনুমোদন প্রক্রিয়া দ্রুত করা এবং জাতীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা। এর মাধ্যমে দেশগুলো নিজেদের জলবায়ু পরিকল্পনাকে অর্থায়নযোগ্য প্রকল্পে রূপ দিতে সক্ষম হবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সহনশীল শর্তে জলবায়ু অর্থায়ন পাওয়ার ক্ষেত্রে শুধু জাতীয় আয় নয়, বরং সংশ্লিষ্ট দেশের জলবায়ু ঝুঁকির মাত্রাকেও প্রধান বিবেচনায় নিতে হবে।
পাশাপাশি অর্থায়ন নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।
তিনি আরও বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদ ২০২৭ সালের এসডিজি শীর্ষ সম্মেলন পর্যন্ত এসব অগ্রাধিকার বাস্তবায়নে কাজ করবে।
জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রকৃত উপকারে আসে—এমন কার্যকর অর্থায়ন ব্যবস্থা গড়ে তুলতে এখনই সমন্বিত উদ্যোগ নিতে হবে।

