ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা ও ছাত্র হত্যার মামলায় দেওয়া দণ্ড ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিচারাধীন মামলাগুলোর রায়ও কার্যকর করার দাবি জানিয়েছেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাব থেকে শাহবাগ পর্যন্ত যুবদল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মানুষ হত্যা ও ছাত্র হত্যার অভিযোগে যে দণ্ড দেওয়া হয়েছে, তা তাঁকে ভোগ করতে হবে। পাশাপাশি বিচারাধীন মামলাগুলোর রায়ও কার্যকর করতে হবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার শাসনামলে গুম-খুনের সময়ও বিএনপির নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন। তাঁরা ভয় পাননি, মাথানতও করেননি।
ফ্যাসিবাদের আকাঙ্ক্ষা প্রতিরোধে জাতীয়তাবাদী শক্তি রাজপথে থাকবে।
আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে যুবদলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা অংশ নেন।

