বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বার্তা নিয়ে আগামী ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দুই দিনের সফরে এলেও ঢাকায় তাঁর অবস্থান হবে ১২ থেকে ১৩ ঘণ্টার মতো। বিএনপি সরকার গঠনের পর কোনো বিদেশি সরকারপ্রধানের এটিই হবে প্রথম বাংলাদেশ সফর।
কূটনৈতিক সূত্র জানায়, ৭ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে আনোয়ার ইব্রাহিমের। পরদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, শ্রমবাজার, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি ও শিক্ষা খাত নিয়ে আলোচনা হতে পারে। সফর শেষে তাঁর ব্যাংকক যাওয়ার কথা রয়েছে।
গত জুনে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান তারেক রহমান। ওই সফরে দুই দেশের মধ্যে সংস্কৃতিবিষয়ক সমঝোতা স্মারকসহ তিনটি সহযোগিতার দলিল বিনিময় হয়। এবার আনোয়ার ইব্রাহিমের সফরেও তথ্য ও সম্প্রচার এবং তথ্যপ্রযুক্তি খাতে সমঝোতা স্মারকসহ কয়েকটি চুক্তি সইয়ের সম্ভাবনা রয়েছে।
সফরে শ্রমবাজার বিশেষ গুরুত্ব পেতে পারে। ২০২৪ সাল থেকে বাংলাদেশিদের জন্য বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে আলোচনা হবে। সরকারিভাবে বোয়েসেলের মাধ্যমে বিনা অভিবাসন ব্যয়ে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ধাপে ১১২ জন কর্মী পাঠানোর প্রস্তুতিও চলছে।
এদিকে, সফর সামনে রেখে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে সফরের প্রস্তুতি ও দ্বিপক্ষীয় আলোচ্য বিষয় নিয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশ সফর করেছিলেন আনোয়ার ইব্রাহিম। প্রায় দুই বছর পর আবারও ঢাকায় আসছেন তিনি।
ঘনিষ্ঠ সম্পর্ক জোরদারে ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম
বিনিয়োগ ও শ্রমবাজার গুরুত্ব পাবে
Keep Reading
Add A Comment

