দেশের অবকাঠামোগত উন্নয়নে প্রায় ৯০ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পাইপলাইনে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি পৌরসভাগুলোর অভ্যন্তরীণ খাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, বৃক্ষরোপণ কার্যক্রম বাড়ানো এবং নাগরিক সেবায় হয়রানি ও দুর্নীতি বন্ধের ওপর গুরুত্বারোপ করেছেন। একই সঙ্গে সামাজিক সুরক্ষা জোরদারে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি দ্রুত ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন তিনি।
বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে ‘ন্যাশনাল ওয়ার্কশপ অন প্রিপারেশন অ্যান্ড আপডেট অব রিস্ক-ইনফর্মড মাস্টারপ্ল্যান ফর পৌরসভাজ’ শীর্ষক কর্মশালায় বক্তব্যকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
ফ্যামিলি কার্ডের গুরুত্ব তুলে ধরে মীর শাহে আলম বলেন, অনেকের কাছে ফ্যামিলি কার্ডকে নগণ্য মনে হলেও দরিদ্র পরিবারের জন্য এটি বড় সম্বল। ঝুঁকিপূর্ণ কর্মসূচি হওয়া সত্ত্বেও সরকার এ খাতে ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে।
তিনি জানান, আগামী চার বছরের মধ্যে চার কোটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে গ্রামীণ নারীদের ক্ষমতায়নে পরিবারের নারীপ্রধানের হাতে এ কার্ড তুলে দেওয়া হবে।
কর্মসূচিটিকে সর্বজনীন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সর্বস্তরের নাগরিকের পরিবার এ কর্মসূচির আওতায় থাকবে।
এ ছাড়া আগামী চার বছরের মধ্যে সব ধর্মীয় প্রতিনিধি বা ধর্মগুরুদের সম্মানী ভাতার আওতায় আনা হবে। চলতি বছরেই ৭০ হাজার প্রতিষ্ঠান এ ভাতার আওতাভুক্ত হবে।
নাগরিক সেবায় দুর্নীতি ও হয়রানির কঠোর সমালোচনা করে মীর শাহে আলম বলেন, পৌরসভাগুলোতে জন্ম ও মৃত্যু নিবন্ধন করতে গিয়ে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। অনেক সময় ঘুষ আদায়ের উদ্দেশ্যে ‘সার্ভার বন্ধ’ থাকার অজুহাতে মানুষকে দুই থেকে তিন দিন ঘোরানো হয়।
এ ধরনের হয়রানি কোনোভাবেই সহ্য করা হবে না বলে সতর্ক করেন তিনি।
এ সময় অতীতে দেশের অধিকাংশ পৌরসভা রাজনৈতিক বিবেচনায় গঠন করা হয়েছিল বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

