শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনের মাগরিবের নামাজের বিরতিতে সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘তোমাদের সবাইকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। আমরা স্কুল-কলেজগুলোতে ভোকেশনাল শিক্ষা চালু করছি। নবম শ্রেণি থেকে বাধ্যতামূলকভাবে ভোকেশনাল শিক্ষা নিতে হবে।’
খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টসেও তোমাদের অংশগ্রহণ থাকতে হবে। সেখানে ছয়-সাতটি খেলা থাকবে। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী খেলা বেছে নিতে পারবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে হবে।’
শিক্ষার্থীদের বহুভাষায় দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মাতৃভাষার পাশাপাশি প্রত্যেককে আরও একটি ভাষা শিখতে হবে। এ জন্য ইংরেজি, মান্দারিন ও জাপানিজসহ ছয়-সাতটি ভাষার মধ্য থেকে পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ থাকবে।
ঢাকাকে পরিচ্ছন্ন রাখা, পরিবেশ সংরক্ষণ এবং প্রাণী ও জীবজন্তুর প্রতি যত্নশীল হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। বৃক্ষরোপণে উৎসাহিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমাদের আপনজনদের জন্মদিনে তাদের গাছ উপহার দেবে।
বেশি বেশি গাছ লাগালে পরিবেশ ভালো হবে। ভাবতে পারো, পরিবেশ ভালো হলে আমার কী লাভ? লাভ আমাদের সবার।’
উল্লেখ্য, ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের মাধ্যমে দোহার উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৩ শিক্ষার্থী ও ছয় শিক্ষক সংসদ ভবন পরিদর্শনে আসেন। এ ছাড়া রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ১৫ শিক্ষার্থী ও চার শিক্ষক এবং চাঁদপুর মেডিকেল কলেজের নয় শিক্ষার্থী সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন।
এ সময় তারা সংক্ষিপ্ত ব্রিফিং, সংসদ লাইব্রেরি পরিদর্শন ও উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন।

