মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে কয়েকটি বড় সংবাদমাধ্যমের টানাপোড়েনের মধ্যেই হোয়াইট হাউসের ইউটিউব চ্যানেলে ২৪ ঘণ্টার অনলাইন স্ট্রিমিং পরিষেবা চালু হয়েছে। সপ্তাহের সাত দিনই সম্প্রচারিত এই চ্যানেলে ট্রাম্পের কর্মসূচি, ভাষণ, সরকারি ঘোষণা ও প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডের ভিডিও দেখানো হচ্ছে।
চ্যানেলটি চালুর সময় ট্রাম্পের পুরনো ভাষণ, শপথগ্রহণ অনুষ্ঠানসহ বিভিন্ন সরকারি কর্মসূচির ভিডিও সম্প্রচার করা হয়। হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ও প্রশাসনের কার্যক্রমের ভিডিও সরাসরি দর্শকদের কাছে পৌঁছে দেওয়াই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
এদিকে সম্প্রতি তিনটি বড় সংবাদমাধ্যমের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, এসব সংবাদমাধ্যম প্রশাসনের কর্মকাণ্ড নিয়ে ভুয়া বা বিভ্রান্তিকর খবর প্রকাশ করেছে।
নিষেধাজ্ঞার বিরুদ্ধে সংবাদমাধ্যমগুলো আদালতের দ্বারস্থ হয়েছে। তাদের দাবি, প্রশাসন সাংবাদিকদের প্রতিবেদন নিয়ন্ত্রণ করতে পারে না এবং সরকারি কার্যক্রম কভার করার অধিকার তাদের রয়েছে। এ ঘটনায় সংবাদমাধ্যমের স্বাধীনতা ও হোয়াইট হাউসের প্রেস অ্যাক্সেস নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
Keep Reading
Add A Comment

