মুক্তির মাত্র ১৪ দিনেই বিশ্বজুড়ে বক্স অফিসে ১ হাজার ৫১৯ কোটি রুপির ব্যবসা করেছে রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত সিনেমা ‘রামায়ণ’।
ভারতের বাজারেও ছবিটির গ্রস আয় ছাড়িয়েছে ১ হাজার কোটি রুপি। এর মধ্য দিয়ে দেশটিতে হাজার কোটি রুপির বেশি আয় করা ষষ্ঠ ভারতীয় সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে এটি।
গত ৫ নভেম্বর মুক্তির পর শুরুতে কিছুটা ধীরগতিতে এগোলেও দীপাবলির ছুটিকে কেন্দ্র করে দেশি-বিদেশি উভয় বাজারেই ব্যবসায়িক গতি ফিরে পায় সিনেমাটি।
‘স্যাকনিল্ক’-এর তথ্য অনুযায়ী, মুক্তির ১৪তম দিনে ভারতে ২২ হাজার ২৮৯টি প্রদর্শনী থেকে ছবিটির নেট আয় হয়েছে ২৩ কোটি ২০ লাখ রুপি। একই দিনে বিদেশের বাজার থেকে এসেছে আরও ৮ কোটি রুপি।
এতে ভারতের বাইরে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৫১০ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী ছবিটির মোট আয় ১ হাজার ৫১৯ কোটি ৫ লাখ রুপি।
ভাষাভিত্তিক আয়ের হিসাবে ১৪তম দিনে হিন্দি সংস্করণ থেকে এসেছে ১৬ কোটি ৫০ লাখ রুপি। এ ছাড়া মালয়ালম সংস্করণ থেকে ২ কোটি ১৫ লাখ, কন্নড় থেকে ১ কোটি ৬৫ লাখ, তামিল থেকে ১ কোটি ৬০ লাখ এবং তেলেগু সংস্করণ থেকে ১ কোটি ৩০ লাখ রুপি আয় করেছে সিনেমাটি।
‘বাহুবলী ২’, ‘পুষ্পা ২’ ও ‘কেজিএফ চ্যাপ্টার ২’-এর মতো ব্লকবাস্টার সিনেমার তালিকায় যুক্ত হয়েছে ‘রামায়ণ’। চলতি বছরে ‘ধুরন্ধর ২’-এর পর দ্বিতীয় ভারতীয় সিনেমা হিসেবে হাজার কোটি রুপির বেশি আয়ের মাইলফলক স্পর্শ করেছে এটি।
প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটে নির্মিত ‘রামায়ণ’কে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল ও উচ্চাভিলাষী প্রকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সিনেমাটির প্রচারেও বিশ্বজুড়ে নেওয়া হয় ব্যাপক আয়োজন। এর অংশ হিসেবে গত ২৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বিশেষ প্রদর্শনীর আয়োজন করেন নির্মাতারা।
নীতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সানি দেওল, রবি দুবে, লারা দত্তসহ অনেকে।

