যুক্তরাষ্ট্রের কারাগারে যৌন অপরাধে দণ্ডিত জেফরি এপস্টেইনের মৃত্যু আত্মহত্যা নয়, হত্যাকাণ্ড বলে দাবি করেছেন ফরেনসিক বিশেষজ্ঞ অধ্যাপক মাইকেল ফ্রিম্যান।
ময়নাতদন্তের ছবি ও নথি বিশ্লেষণ করে তাঁর ধারণা, পেছন থেকে শ্বাসরোধ করে এপস্টেইনকে হত্যা করা হয়ে থাকতে পারে।
বিবিসি নিউজ নাইটকে দেওয়া সাক্ষাৎকারে ফ্রিম্যান জানান, এপস্টেইনের ভাই মার্ক এপস্টেইনের সরবরাহ করা ময়নাতদন্তের নথি ও ছবি বিশ্লেষণ করেই তিনি এ সিদ্ধান্তে পৌঁছেছেন।
তবে তিনি নিজে এপস্টেইনের মরদেহ পরীক্ষা করেননি। তাঁর গবেষণাও এখনো বিশেষজ্ঞদের পর্যালোচনার মধ্য দিয়ে যায়নি।
ফ্রিম্যানের বিশ্লেষণে এপস্টেইনের বাঁ কাঁধে গভীর রক্তক্ষরণ ও মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। গলায় ফাঁসের দাগের ওপর নখের আঁচড়ের মতো চিহ্নও রয়েছে বলে দাবি করেন তিনি।
তাঁর মতে, এসব চিহ্ন পেছন থেকে শ্বাসরোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কোনো ফাঁস বা দড়িজাতীয় বস্তু দিয়ে হত্যার পর একই বস্তু ব্যবহার করে মরদেহ বাঙ্ক বেডের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।

