ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সাব-রেজিস্ট্রি অফিসে পদায়নের জন্য সারা দেশের ‘এ ক্যাটাগরি’র ১৩১ সাব-রেজিস্ট্রারের মধ্য থেকে লটারির মাধ্যমে ১৮ জনকে বাছাই করা হয়েছে। মঙ্গলবার সকালে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ লটারি অনুষ্ঠিত হয়।
লটারিতে বাছাই হওয়া ১৮ জন হলেন—মো. গোলাম মোর্তজা, অমায়িক বাবু, ফরিদা আক্তার, অজয় কুমার সাহা, অমিত মঙ্গল চাকমা, মো. রাসেল মল্লিক, গোবিন্দ সাহা, মো. মাসুম, এস এম আবু মুসা, নাজনিন জাহান, মোহাম্মদ হানিফ, মনীষা রায়, সিং মং থোয়াই, রাজিব মজুমদার, আলী আজগর, শর্মিলা আহমেদ শম্পা, আমিনা বেগম ও টিনু চাকমা।
অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সাব-রেজিস্ট্রারদের পদায়ন নিয়ে নেতিবাচক ধারণা রয়েছে। ঢাকার পোস্টিংকে ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে বিবেচনা করা হয়। তাই প্রথম ধাপে ঢাকায় পদায়নে লটারির মাধ্যমে স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, বর্তমানে সারা দেশে ৩৭২ জন সাব-রেজিস্ট্রার কর্মরত এবং প্রায় ১৩৯টি পদ শূন্য রয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ‘প্রাইজ পোস্টিংয়েও’ স্বচ্ছতার মাধ্যমে পদায়ন করা হবে।
ঢাকায় নির্বাচিতদের দায়িত্ব পালনের বিষয়ে মন্ত্রী বলেন, সার্ভিস রুল অনুযায়ী তারা যতদিন দায়িত্ব পালন করবেন এবং ভালোভাবে কাজ করবেন, ততদিন থাকতে পারবেন। তবে দুর্নীতিতে জড়ালে ছাড় দেওয়া হবে না।
সাব-রেজিস্ট্রি অফিসের অনিয়ম ও দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণসহ অভিযোগ দিতে সাংবাদিকদের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘‘সুনির্দিষ্ট অভিযোগ পেলে কাউকে ছাড় দেওয়া হবে না।’’ লটারির উদ্দেশ্য কাউকে বিশেষ সুবিধা দেওয়া নয়, বরং বৈষম্যহীন ও স্বচ্ছ প্রক্রিয়ায় পদায়ন নিশ্চিত করা।
Keep Reading
Add A Comment

