বাংলাদেশে ‘প্রযুক্তি ও উদ্ভাবনী নগরী’ প্রতিষ্ঠা, দক্ষতা উন্নয়ন, কৃষির আধুনিকায়ন ও শিল্প খাতে সহযোগিতা বাড়াতে জাপানের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সহজ শর্তে ঋণ, কারিগরি সহায়তা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাজেট সহায়তা অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।
সোমবার স্থানীয় সময় বিকেল সোয়া ৫টার দিকে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট তানাকা আকিহিকোর সঙ্গে বৈঠকে এসব প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানান, বৈঠকে বাংলাদেশ–জাপান দক্ষতা উন্নয়ন অংশীদারত্ব, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি জাপানের অর্থায়নে চলমান বড় উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করা এবং অনুমোদনের অপেক্ষায় থাকা অগ্রাধিকারমূলক প্রকল্পগুলোর অনুমোদন ও বাস্তবায়ন ত্বরান্বিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও আর্থসামাজিক অগ্রগতিতে জাপানের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করে জনগণের জীবনমান উন্নয়নে এ সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
জাইকার প্রেসিডেন্ট বাংলাদেশের সমৃদ্ধি অর্জনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এ সময় প্রধানমন্ত্রী ২০২৬ সালের জুলাইয়ে তানাকা আকিহিকোর বাংলাদেশ সফর এবং ঢাকায় অনুষ্ঠিত বৈঠকের কথা স্মরণ করে বাংলাদেশের উন্নয়নে জাইকার অবদানের জন্য কৃতজ্ঞতা জানান।
বৈঠকে বাংলাদেশের পক্ষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সফরে সোমবার সকালে টোকিও পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে যৌথ ঘোষণা আসবে।
জাপানের সংবাদমাধ্যম নিক্কেইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই ঘোষণায় আগামী পাঁচ বছরে বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বা প্রায় ৬৩৬ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি আসতে পারে।

