উদ্ভাবনী তরুণদের ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে বিকল্প জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে ব্যবসায়ীদের এগিয়ে আসার এবং ব্যাংক ঋণের সুদের হার কমানোর ওপর জোর দিয়েছেন তিনি।
সোমবার বঙ্গভবনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, চতুর্থ শিল্পবিপ্লব, ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তির প্রতিযোগিতায় তরুণ উদ্যোক্তাদের আরও সম্পৃক্ত করতে হবে। স্বল্প সুদে ব্যাংক ঋণ দেওয়া হলে পিছিয়ে থাকা অঞ্চলে শিল্পায়ন ও নতুন উদ্যোক্তা তৈরির সুযোগ বাড়বে।
তিনি আরও বলেন, অতীতে লুটপাটতন্ত্র ও ব্যক্তিগত লোভের কারণে দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসা-বাণিজ্যও স্থবির হয়ে পড়েছিল। সামাজিক উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকাণ্ডে ব্যবসায়ীদের আরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সাক্ষাৎকালে ডিসিসিআই আয়োজিত ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়। তিনি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।
ডিসিসিআই প্রতিনিধিরা জানান, ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে তারা কাজ করছেন। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে সরকারের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অর্থনীতি এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
Keep Reading
Add A Comment

