প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অর্থনীতিতে পোল্টির শিল্প বিশেষ ভূমিকা পালন করছে। খামারে প্রতিদিন ছয় কোটি 88 লাখ ডিম উৎপাদন হচ্ছে। এতে ১৫ লাখ প্রান্তিক খামারি উপকৃত হচ্ছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের জনগণের প্রাণিজ আমিষের চাহিদার ৫৬ শতাংশ দুধ, মাংস ও ডিম থেকে পূরণ হচ্ছে। চলতি অর্থবছরে স্থির মূল্যে জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। কৃষিজ জিডিপিতে এ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ।
অনুষ্ঠানে জাতীয় প্রাণিসম্পদ পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, খামারি, উদ্যোক্তা ও গবেষকদের মেধা, শ্রম ও উদ্যোগের স্বীকৃতি দেশের এ খাতের বিকাশে অন্যদেরও অনুপ্রাণিত করবে। দেশের প্রাণিসম্পদ খাতকে বৈশ্বিক বাজারে নির্ভরযোগ্য অবস্থানে নিতে সরকার প্রয়োজনীয় নীতি সহায়তা ও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখবে।
পোল্ট্রি শিল্প দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে বর্তমানে বাণিজ্যিক ও প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোল্ট্রি খামার রয়েছে। এসব খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে। এ খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছেন প্রায় ৬০ লাখ মানুষ, যাদের ৪০ শতাংশই নারী।পোল্ট্রি খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা।
প্রধানমন্ত্রী বলেন, দেশের খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান ও রপ্তানি আয়ে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বর্তমানে প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি পশু পালন করে জীবিকা নির্বাহ করছেন।
গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ। মানুষের পুষ্টি চাহিদা পূরণ, দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টিতেও এ খাতের ভূমিকা রয়েছে। প্রাণিজ আমিষের উৎপাদন শুধু খাদ্য নিরাপত্তার বিষয় নয়, এর সঙ্গে অর্থনৈতিক স্বাবলম্বিতাও জড়িত।
২০২৬ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে প্রাণিসম্পদ খাতে রপ্তানি আয় হয়েছে ১০৪ দশমিক ৬৪ লাখ মার্কিন ডলার।
প্রাণিসম্পদ উন্নয়নের অন্যতম অন্তরায় রোগবালাই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে বর্তমানে ১৭টি রোগের টিকা উৎপাদিত হচ্ছে। তবে তা পর্যাপ্ত নয়। এ কারণে আধুনিক ভ্যাকসিন উৎপাদন প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। গবাদিপশুর রোগ প্রতিরোধ ও চিকিৎসাসেবা খামারিদের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন, কৃত্রিম প্রজনন, টিকাদান, উন্নত খাদ্য ব্যবস্থাপনা এবং খামার ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতের উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব। খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, ন্যায্যমূল্য ও প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে হ্যাচিং এগ বা বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম রপ্তানি করতে সক্ষম হয়েছে। স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত ও প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি সম্প্রসারণের সুযোগ রয়েছে। দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত ও পোল্ট্রি পণ্যের বাজার সম্প্রসারণেরও সম্ভাবনা রয়েছে। এসব সম্ভাবনা কাজে লাগাতে বিদেশে নতুন বাজার খুঁজে বের করতে হবে।
তিনি বলেন, প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও স্বয়ংসম্পূর্ণ করতে সরকার কাজ করছে। উপকূলীয় অঞ্চল, সিলেট ও সুনামগঞ্জের হাওরে মহিষের উৎপাদন বেশি। এসব অঞ্চলের নতুন জেগে ওঠা চর ও সরকারি খাসজমি সমবায় ভিত্তিতে খামারিদের ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়ার বিষয়ে ভূমি মন্ত্রণালয় ও জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করে উদ্যোগ নিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে আহ্বান জানান তিনি।
পোষা প্রাণী ও পাখি পালনের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, প্রাণীদেরও আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকার রয়েছে। তাদের ক্ষুধা, তৃষ্ণা, অস্বস্তি, ব্যথা, আঘাত ও রোগ থেকে মুক্ত রাখতে হবে। স্বাভাবিক আচরণ প্রকাশের সুযোগ দিতে হবে এবং ভয় ও মানসিক যন্ত্রণা থেকে সুরক্ষা নিশ্চিত করতে হবে। পশুপাখির প্রতি মানবিক আচরণ করা সবার দায়িত্ব।
প্রাণিজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে খাদ্য নিরাপত্তা ও আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মান কঠোরভাবে নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এ লক্ষ্যে আন্তর্জাতিক মানের আধুনিক প্রসেসিং সেন্টার ও রোগমুক্ত অঞ্চল গড়ে তোলা হচ্ছে। যথাযথ উদ্যোগ বাস্তবায়িত হলে প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠবে।
এর আগে সকাল সাড়ে ৯ টায় রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
পরে প্রাণিসম্পদ খাতের আগামীর সম্ভাবনা, উন্নয়ন এবং এই খাতের উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার বিভিন্ন অবদান তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের স্বীকৃতি হিসেবে আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক দিয়েছেন প্রধানমন্ত্রী। পদকপ্রাপ্তদের স্বর্ণপদকের সঙ্গে ৫০ হাজার টাকা এবং রৌপ্যপদকের সঙ্গে ৩০ হাজার টাকা দেওয়া হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য ও
প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। এ সময় আরও বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খায়রুল কবির খোকন, বাংলাদেশ ডেইরি এন্ড ফ্যাটেনিং ফার্মারস এসোসিয়েশন (বিডিএফএফএ)-এর সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন।

