গুম খুনের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা করছে রাষ্ট্রপক্ষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুক্তিতর্ক পর্যায়ে এটর্নি জেনারেল এমনই প্রত্যাশা করেন।
শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাওয়াই রাষ্ট্রপক্ষের প্রত্যাশা বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। মামলার যুক্তিতর্কে আইন ও বিভিন্ন আন্তর্জাতিক এবং দেশীয় ট্রাইব্যুনালের নজির তুলে ধরবেন জানিয়ে তিনি বলেন, গুম ও পদ্ধতিগত অপরাধের বিচার সম্পন্ন হওয়া একটি নতুন নজির হতে যাচ্ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপনের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, এ মামলায় প্রসিকিউশনের পক্ষে ১৫ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীদের সাক্ষ্য ও মামলার নথিপত্র পর্যালোচনা করে আইনে নির্ধারিত সর্বোচ্চ সাজা যেন জিয়াউল আহসানকে দেওয়া হয়, যুক্তিতর্কে সেই আবেদন জানানো হবে।
যুক্তিতর্কের প্রস্তুতি নিতে মামলার সব নথি ও সাক্ষীদের সাক্ষ্য পড়েছেন জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধের বিচারে বিভিন্ন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ও অন্যান্য দেশের নিজস্ব বিচারব্যবস্থায় প্রতিষ্ঠিত নজিরগুলো পর্যালোচনা করেছি। সেসব নজির আদালতে তুলে ধরবো। এছাড়া ট্রাইব্যুনালের নিরপেক্ষতা, বিচারিক দক্ষতা ও বিচারপ্রক্রিয়ার গ্রহণযোগ্যতা নিয়ে যেসব প্রশ্ন তোলা হয়, সেগুলোর জবাবও বিভিন্ন দেশের আদালত ও আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তের আলোকে তুলে ধরা হবে।
আগে প্রসিকিউশন থেকে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, গাজী এমএইচ তামিম ও মিজানুল ইসলাম যেসব বক্তব্য দিয়েছেন, সেসবের পুনরাবৃত্তি এড়িয়ে নিজের যুক্তিতর্ক উপস্থাপন করবেন বলে জানান রুহুল কুদ্দুস কাজল। তিনি জানান, তার বক্তব্য মূলত আইনভিত্তিক হবে। তবে যুক্তিতর্কের প্রয়োজনে সাক্ষীদের সাক্ষ্য ও ঘটনার পারিপার্শ্বিকতা তুলে ধরতে হতে পারে। তবে যতটুকু সময় পাবেন, এর মধ্যেই যুক্তিতর্ক শেষ করার চেষ্টা করবেন।
জিয়াউল আহসানের সর্বোচ্চ সাজা চাওয়া হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, আইনে সর্বোচ্চ যে শাস্তির বিধান রয়েছে, সে বিষয়ে রাষ্ট্রপক্ষের অবস্থান আগেই জানানো হয়েছে। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা, আইনে একজন ব্যক্তির জন্য সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান থাকলে সেটিই চাওয়া হবে।
২০২৪ সালের ৫ আগস্টের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে এই মামলার বিচারকে বিশেষ তাৎপর্যপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এরই মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য মামলায় রায় দিয়েছেন এই ট্রাইব্যুনাল। তবে গুম ও পদ্ধতিগতভাবে সংঘটিত অপরাধের বিভীষিকা নিয়ে এই বিচারপ্রক্রিয়া আলাদা গুরুত্ব বহন করছে।
গুমের মতো পদ্ধতিগত অপরাধের বিচার সম্পন্ন হওয়া একটি নতুন নজির হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, এ মামলায় উঠে আসা অপরাধের ভয়াবহতা ভাষায় প্রকাশ করা কঠিন। একের পর এক মানুষকে তুলে নেওয়া, গোপনে আটকে রাখা, নির্যাতন, হত্যা এবং মরদেহ গুম করার মতো ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে মানুষের জীবন কেড়ে নেওয়া হয়েছে। এসব অপরাধে অসংখ্য পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে।
তিনি বলেন, কোনো শাস্তিই মায়ের কাছ থেকে সন্তান, স্ত্রীর কাছ থেকে স্বামী কিংবা সন্তানের কাছ থেকে বাবাকে ফিরিয়ে দিতে পারবে না। তবুও অপরাধের বিচার হতে হবে। সে কারণেই ট্রাইব্যুনালের সামনে আসা হয়েছে।
শাস্তির প্রয়োজনীয়তা তুলে ধরে দার্শনিক হেগেল ও আমেরিকান আইন দার্শনিক হার্বার্ট মরিসের বক্তব্য উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, শাস্তি পাওয়া অপরাধীর অধিকার। অপরাধের বিচার না হলে ভুক্তভোগী ও তাদের পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে। রাষ্ট্রব্যবস্থার ওপর জনগণের আস্থা নষ্ট হবে। এ ধরনের নৃশংস অপরাধের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করা না গেলে সভ্যতা টিকে থাকা কঠিন হবে।
তিনি আরও বলেন, অপরাধের সংখ্যা, নিষ্ঠুরতা এবং মানুষের জীবনে এর ভয়াবহ প্রভাব বিবেচনায় কোনো শাস্তিই যথেষ্ট নয়। এত মানুষের প্রাণহানি ও স্বজনদের দুর্ভোগের তুলনায় একবারের মৃত্যুদণ্ড অতি সামান্য। জিয়াউলের অপরাধ সমুদ্র সমান, মৃত্যুদণ্ড কেবল শিশির কণা।
অ্যাটর্নি জেনারেল বলেন, আইন ও বিচারব্যবস্থার সীমাবদ্ধতার কারণে একজন ব্যক্তি শত শত মানুষকে হত্যা করলেও একবারের বেশি চরম সাজা দেওয়া সম্ভব নয়। সেই সীমাবদ্ধতা বিবেচনায় নিয়েই আইনে নির্ধারিত সর্বোচ্চ শাস্তি প্রয়োগের আবেদন জানাচ্ছি। একইসঙ্গে মামলার সব অভিযোগে জিয়াউল আহসানকে দোষী সাব্যস্ত করারও আবেদন করছি।
প্রসিকিউশন সাক্ষ্যপ্রমাণের মাধ্যমে সব অভিযোগ প্রমাণে সক্ষম হয়েছে দাবি করে তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের প্রয়োজনীয় উপাদানও প্রতিষ্ঠিত হয়েছে।
এসব সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে যুক্তিসংগত সন্দেহের ঊর্ধ্বে আসামির অপরাধ প্রমাণ করা সম্ভব।
যুক্তিতর্কের শেষ পর্যায়ে জিয়াউল আহসানকে নৃশংস খুনি, মানবতাবিরোধী অপরাধী, আন্তর্জাতিক আইনে স্বীকৃত বিশ্বাসঘাতক, জঘন্য সিরিয়াল কিলার ও বিশ্বমানবতার কলঙ্ক হিসেবে উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল।
এ সময় জিয়াউল আহসানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের পাশাপাশি তার সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আদেশও প্রার্থনা করেন তিনি।

