এবার আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনগুলোকে স্থায়ী ভাবে নিষিদ্ধদের জন্য রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির এই রিটটি দায়ের করেন।
আইনজীবী জানান,রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবসহ মোট নয়জনকে বিবাদী করা হয়েছে।
রিটকারী আইনজীবী এস এম শাহারিয়ার কবির খবর কণ্ঠকে বলেন বলেন, সাত জন জুলাই যোদ্ধার পক্ষে রিটটি দায়ের করেছেন। তারা ২০২৪ সালে জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। শুধু তাই নয় তারা গুলি বহন করছেন।
গত ১৯ নভেম্বর বিবাদীদের ২৪ ঘণ্টার সময় দিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব না পাওয়ায় এ রিট দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।
আইনজীবী রিটে টেলিভিশন টকশো ও সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দেওয়া, ২০২৪ সালের হত্যাকাণ্ড অস্বীকার বা সমর্থন করা এবং জুলাই যোদ্ধাদের ‘জুলাই জঙ্গি’ হিসেবে আখ্যায়িত করার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তি ও সম্প্রচারমাধ্যমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র, তথ্য ও সম্প্রচার এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও বিটিআরসিকে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশনা চাওয়া হয়েছে।
একই সঙ্গে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে আওয়ামী লীগের সব পোস্ট, পেজ, অ্যাকাউন্ট ও চ্যানেল অপসারণ বা ব্লক করা এবং দলটির সশস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন ও মদদদাতাদের বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা দায়েরের নির্দেশনা চাওয়া হয়েছে।
রিট আবেদনে বলা হয়েছে, গত বছরের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়। একই সঙ্গে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে। তবে ওই নিষেধাজ্ঞা সাময়িক হওয়ায় দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও বিলুপ্ত করতে সংসদে আইন পাস অথবা অধ্যাদেশ জারি প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি দলটির সম্পদ বাজেয়াপ্ত এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার দাবিও জানানো হয়েছে।
আবেদনে আরও অভিযোগ করা হয়েছে, নিষেধাজ্ঞা সত্ত্বেও গত ১০ নভেম্বর থেকে দেশজুড়ে আওয়ামী লীগ ও এর নিষিদ্ধ ছাত্রসংগঠনের নেতাকর্মীরা অগ্নিসংযোগ, বোমাবাজি, হত্যা এবং থানা, হাসপাতালসহ সরকারি-বেসরকারি স্থাপনায় হামলার মতো কর্মকাণ্ড চালাচ্ছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে ১৭ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে অগ্নিসংযোগ ও বিজিবির চারটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা। ১৮ নভেম্বর নড়াইলের কালিয়ায় বিএনপির সহযোগী সংগঠনের দুই নেতা মো. শাহীন ও সোহেল মোল্লাকে হত্যা এবং ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতাকে হত্যার ঘটনাও উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগী থাকা অবস্থায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, সংসদ সদস্য এস এম জিলানীর বাসভবনে হামলা, ১০ থেকে ১৬ নভেম্বরের মধ্যে গ্রামীণ ব্যাংকের ২০ থেকে ৩৭টি শাখায় অগ্নিসংযোগ ও হামলার চেষ্টা এবং ১৮ নভেম্বর চট্টগ্রামের পাঁচলাইশে সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগও রিটে তুলে ধরা হয়েছে।
রিটে আরও উল্লেখ করা হয়েছে, গত ১৮ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করেছেন। এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনুপস্থিতিতে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রীসহ দলটির পলাতক নেতারা ২০২৪ সালের আগস্ট থেকে ভারতে অবস্থান করে অডিও বার্তা, টেলিফোন ও আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারের মাধ্যমে বাংলাদেশে সহিংসতা ও সরকার উৎখাতের নির্দেশনা দিচ্ছেন বলে আবেদনে অভিযোগ করা হয়েছে।
রিটে সুপ্রিম কোর্টের একজন কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ১৯৫৬ সালের কমিশন অব ইনকোয়ারি আইনের অধীনে স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আবেদন জানানো হয়েছে। এই কমিটির মাধ্যমে ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত রক্ষীবাহিনীর কর্মকাণ্ড ও সিরাজ সিকদার হত্যা, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড, ২০১৩ সালের শাপলা চত্বর অভিযান, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত গুম-খুন ও আয়নাঘর, শ্বেতপত্রে উল্লেখিত প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার পাচার এবং ২০২৪ সালের ৫ আগস্টের পর সংঘটিত সহিংসতা ও বিদেশি সম্পৃক্ততার অভিযোগ তদন্তের দাবি জানানো হয়েছে। ৯০ দিনের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনাও চাওয়া হয়েছে।
এ ছাড়া দেশ-বিদেশে আওয়ামী লীগের অর্থের উৎস এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান চিহ্নিত করে তহবিল জব্দের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউকে ৩০ দিনের মধ্যে হলফনামাসহ প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।
আন্তর্জাতিক পর্যায়েও দলটির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আবেদন রয়েছে রিটে। এর মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশি সরকার ও দূতাবাসগুলোকে দলটির কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করা, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের ২১৯ ধারা অনুযায়ী আওয়ামী লীগকে ‘ফরেন টেরোরিস্ট অর্গানাইজেশন’ (এফটিও) হিসেবে তালিকাভুক্ত করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানো এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩৭৩ নম্বর প্রস্তাব অনুযায়ী ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড বন্ধে দেশটির সরকারের কাছে অনুরোধ জানানোর নির্দেশনা চাওয়া হয়েছে।
পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রীসহ পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক পদক্ষেপ গ্রহণেরও আবেদন করা হয়েছে।

