দেশের বাজারে সোনার দামে বড় পতনের পর এবার কমানো হয়েছে রুপার দামও। প্রতি ভরিতে ৩৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৩ টাকা। শুক্রবার সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।
বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৮০ বার রুপার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৬ দফায় দাম বাড়ানো হয়েছে এবং ৪৪ দফায় কমানো হয়েছে।
অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ১০ দফায় দাম বাড়ানো হলেও কমানো হয়েছিল মাত্র তিন দফায়।

