আগুন সন্ত্রাস ও অপরাজনীতি মোকাবিলায় ২০২৪ সালের আন্দোলনের মতো আবারও প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও সন্ত্রাসের জবাব দিতে গণতন্ত্রকামী সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জনসভায় তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, পলাতক থেকেও একটি গোষ্ঠী আবার আগুন সন্ত্রাস, মানুষ পুড়িয়ে হত্যা এবং পেছন থেকে হামলার রাজনীতি শুরু করেছে। তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে চব্বিশের মতো প্রস্তুত হতে হবে। দেশের মানুষ আর খুন, গুম, ভোট দখল ও ক্ষমতা ধরে রাখার রাজনীতি দেখতে চায় না।
তিনি বলেন, ‘এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে আর নয়।’তারেক রহমান বলেন, দেশের রাজনীতি হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। সরকার খাল খনন, শিল্পকারখানা স্থাপন, কৃষি উৎপাদন বৃদ্ধি, শিক্ষা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে কাজ করতে চায়।
এ লক্ষ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, কৃষিঋণ মওকুফ ওবিদেশেকর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে।
উত্তরাঞ্চলের উন্নয়নে আগামী ছয় থেকে আট মাসের মধ্যে খুলনা থেকে লালমনিরহাট, রংপুর হয়ে পঞ্চগড় পর্যন্ত গ্যাসলাইন স্থাপনের কাজ শুরুর পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, গ্যাস সরবরাহ নিশ্চিত করা গেলে এ অঞ্চলে শিল্পকারখানা গড়ে উঠবে এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে।
বিদেশে কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, গত কয়েক মাসে পাঁচ লাখ যুবককে বিদেশে পাঠানো হয়েছে। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে আরও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সরকার কাজ করছে।
জনসভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রী কোদাল দিয়ে মাটি কেটে মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। পরে খালে মাছের পোনা অবমুক্ত ও খালের পাড়ে বৃক্ষরোপণ করেন।

