দেশকে পুনরায় তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র রুখে দিতে দলমত নির্বিশেষে সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, পলাতক ফ্যাসিস্ট চক্র দেশের স্বাস্থ্য খাতের মতো পোশাকশিল্পকেও ধ্বংস করে অন্য একটি বিশেষ দেশের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করছে। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণ কোনো তাঁবেদার শক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না।
বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে সংসদ নেতা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, গত ৫০ বছরে শ্রমিক ও মালিকদের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠা দেশের সমৃদ্ধ পোশাকশিল্প ধ্বংসের অপচেষ্টা চলছে। এ শিল্প ধ্বংস করে অন্য কোনো দেশের হাতে এর সুবিধা তুলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে কি না, তা ভেবে দেখার সময় এসেছে।
পোশাক শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, শ্রমিকদের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সরকার অবগত। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে শিগগিরই সর্বনিম্ন মজুরি ঘোষণা করা হবে। নতুন বেতন কাঠামো অনুযায়ী শ্রমিকরা বেতন পাবেন। এ সময় কারখানা ভাঙচুর ও অগ্নিসংযোগ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কারখানা ধ্বংস হলে শ্রমিকদের বেতন আসবে কোথা থেকে?
পতিত ফ্যাসিস্ট দলের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, এত মানুষ হত্যা, গুম ও নির্যাতনের পরও তাদের চরিত্রের পরিবর্তন হয়নি। দেশে-বিদেশে বিভিন্ন ঘটনায় তারা আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হওয়ার প্রমাণ দিয়েছে। পলাতক নেতাদের উসকানিতে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।
দেশের উন্নয়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, সরকার নিরাপদ, স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে। অঞ্চলভিত্তিক সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। রংপুরসহ দেশের সব অঞ্চলে সুষম উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, লাখো প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কারও বশ্যতা মেনে নেওয়ার জন্য নয়। পতিত স্বৈরাচারের প্রত্যাবর্তন ও তাঁবেদারি রুখতে সংসদের ভেতরে-বাইরে থাকা সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিন দশক আগে খালেদা জিয়ার দেওয়া ঐতিহাসিক স্লোগান স্মরণ করে তিনি বলেন, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’ স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌম সংসদ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন প্রধানমন্ত্রী।
ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা : প্রধানমন্ত্রী
পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
Keep Reading
Add A Comment

