টাঙ্গাইলের শাড়ি কিংবা ইলিশ মাছের কূটনীতি দিয়ে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
তিনি বলেন, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেও জাতীয় স্বার্থের প্রশ্নে চোখে চোখ রেখে কথা বলতে হবে।
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার টাঙ্গাইলের সন্তোষে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সকালে সাইফুল হকের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা ভাসানীর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। বিকেল ৩টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলের টাঙ্গাইল জেলা সভাপতি সাইফুর রেজা মামুন। সঞ্চালনা করেন বিপ্লবী যুব সংহতির আহ্বায়ক আওয়াল মাহমুদ।
সাইফুল হক বলেন, মওলানা ভাসানীকে যথাযথ সম্মান জানাতে তাঁর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে। ব্রিটিশবিরোধী আন্দোলন, পাকিস্তানি শাসনবিরোধী সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান অনন্য।
স্বাধীনতার পরও জাতীয় স্বার্থের প্রশ্নে তিনি আপস করেননি। আত্মমর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষাই ছিল তাঁর রাজনীতির অন্যতম শিক্ষা।
ফারাক্কা লংমার্চের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশের জন্য পানি জীবন-মরণের প্রশ্ন। আগামী ১১ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকারকে দৃঢ় অবস্থান নিতে হবে।
গঙ্গা ব্যারাজ, পদ্মা ব্যারাজ ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নিতে হবে।
দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, অভ্যুত্থানের অর্জন বিসর্জনে পরিণত হতে দেওয়া যাবে না। মতপার্থক্য থাকলেও সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ এগিয়ে নিতে হবে।
তিনি আরও বলেন, সরকার জনস্বার্থে ভালো কাজ করলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সমর্থন দেবে। অন্যদিকে জনস্বার্থবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলন গড়ে তুলবে দলটি।
আলোচনা সভায় গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আহ্বায়ক শেখ আব্দুর নূর, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, টাঙ্গাইল জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মতি, জেলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পিপলু এবং ঢাকা মহানগর উত্তর বিপ্লবী যুব সংহতির আহ্বায়ক তুহিন রহমান বক্তব্য দেন।
এ সময় দলের জেলা সদস্য নূরজাহান আক্তার পাপড়ি, কৃষক নেতা হাফিজ ও নূরনবী, যুবনেতা তাহসান আহমেদ রাজু ও আরিফুল ইসলাম এবং ছাত্রনেতা আল মামুন সৈকতসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

