ভারত পানির ন্যায্য হিস্যা না দিয়ে বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, পানির ন্যায্য পাওনা আদায়ের লড়াই এখনো শেষ হয়নি। এ দাবি আদায়ে আন্দোলন আরও জোরদার করতে হবে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারত কখনোই সুষ্ঠু বিধিব্যবস্থা করেনি। ফারাক্কা বাঁধের বিরোধিতা আজকের নয়, ব্রিটিশ আমল থেকেই এ নিয়ে লড়াই চলছে।
যারা দিল্লির পদতলে ক্ষমতা দিয়ে দেন, ভারতের প্রতি যাদের এত অনুরাগ, সেই আওয়ামী লীগ সরকারকেও পানির প্রশ্নে কোনো ছাড় দেয়নি ভারত।
তিনি বলেন, পানির ন্যায্য হিস্যার দাবিতে লড়াই এখনো অব্যাহত রয়েছে। এ কান্না শুধু বাংলাদেশের নয়, পশ্চিমবঙ্গের মানুষেরও।
পানির ন্যায্য হিস্যার দাবি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া জাতিসংঘে উত্থাপন করেছিলেন।
৫৫-৫৬ বছর ধরে আলোচনা চললেও ভারতের টনক নড়েনি। তাই এ আন্দোলন আরও জোরদার করতে হবে।
ভারতের সঙ্গে বিভিন্ন চুক্তিতে প্রতারণার অভিযোগ তুলে রিজভী বলেন, জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নদীর পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে হবে।
কলকাতা বন্দর সচল রাখার স্বার্থে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করা হলে নদী বিপন্ন হয়ে পড়বে।
এ ক্ষেত্রে মওলানা ভাসানীকে প্রেরণার উৎস হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মওলানা ভাসানীকে উদ্ধৃত করে কবি ইকবাল বলেছেন, ‘যে খেতের ফসল থেকে কৃষক কিছু পায় না, সে খেত পুড়িয়ে দাও।’

