বিশ্বজুড়ে যুদ্ধ, সংঘাত ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যে বিরল এক ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী ১৯ নভেম্বর চীনের শেনঝেনে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (এপেক) সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত হবে এই আলোচনা।
ইউক্রেন ও ইরান যুদ্ধের অবসান, মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমন এবং পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হতে পারে। দীর্ঘদিনের সংঘাতে বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা কাটিয়ে ওঠার পথও খুঁজবেন তিন নেতা।
ইউক্রেন ও ইরান—কোনো যুদ্ধেই এখন পর্যন্ত প্রত্যাশিত সাফল্য পায়নি যুক্তরাষ্ট্র ও রাশিয়া। অন্যদিকে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিও উদ্বেগজনক হয়ে উঠেছে। ফলে সংঘাত বন্ধে তিন পরাশক্তির উদ্যোগ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
বৈঠকে পারমাণবিক অস্ত্রের বিস্তার ও নিয়ন্ত্রণ নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্বের সবচেয়ে বড় তিন পারমাণবিক শক্তিধর দেশের নেতাদের এই বৈঠককে তাই আন্তর্জাতিক কূটনীতির গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, একটি বৈঠকেই বিশ্ব পরিস্থিতির আমূল পরিবর্তন হবে—এমন প্রত্যাশা করা ঠিক নয়। তবে আলোচনার উদ্যোগকে গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ইতোমধ্যে এই বৈঠকের সঙ্গে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের তুলনা শুরু হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের নেতারা ওই সম্মেলনে যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা নিয়ে আলোচনা করেছিলেন।
এবার তিন পরাশক্তির বৈঠকও বিশ্বরাজনীতিতে নতুন কোনো বাঁকবদল ঘটাবে কি না, সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক মহল।

