রাজধানীকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কার্যক্রমে ৩৯ হাজার প্রবীণ নাগরিককে (সিনিয়র সিটিজেন) সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার।
বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন এসব নাগরিকের অংশগ্রহণে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার পাশাপাশি নগর ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাজধানীর বিভিন্ন অঞ্চলে গঠন করা হয়েছে ২০টি কমিটি। এসব কমিটিতে বিভিন্ন সরকারি দফতরের প্রতিনিধিরাও রয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, কমিটি গঠনের পর থেকে কার্যক্রমে বেশ অগ্রগতি হয়েছে। এরই মধ্যে কমিটির সদস্যরা ১২০টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ১১২টি হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। এসব প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনার পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে।
তিনি আরও জানান, সরকারি আবাসিক কোয়ার্টারগুলোতে যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট আবাসিকদের বরাদ্দ বাতিল করা হবে।
রাজধানীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তুলতে এ কার্যক্রমে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

